সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নারী ইন্টার্ন চিকিৎসকের শ্লীলতাহানী ও মেডিকেল কলেজের দুই শিক্ষার্থীর উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় আদালতে আত্মসমর্পন করার পর জামিন পেয়েছেন আরেক আসামি।
সামি নামের ওই তরুণ হামলার ঘটনায় দায়েরকৃত মামলার ৭ নম্বর আসামি। তিনি গত ৮ আগস্ট উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন। আদালত তাকে ৪ সপ্তাহের জামিন দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ পিপিএম।
এর আগে আদালতে আত্মসমর্পন করার পর জামিন পান মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আবদুল খালিকের ভাতিজা মো. আবদুল্লাহ। গত সোমবার সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পন করলে আদালত তার জামিন মঞ্জুর করেন।
এদিকে, এর আগে গ্রেফতারকৃত তিনজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এখন পর্যন্ত গ্রেফতার হওয়া সবাই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।
আদালত সূত্র জানায়, গত সোমবার মো. আবদুল্লাহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পন করেন। এসময় তার আইনজীবী আবদুল্লাহ’র বয়স ১৮ বছরের কম দাবি করে জামিন প্রার্থনা করেন। শুনানী শেষে বিচারক আগামী ২৫ জুলাই পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।
এদিকে, হামলা ও শ্লীলতাহানীর দুই মামলায় গ্রেফতারকৃত তিন আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গ্রেফতারকৃত দিব্য সরকার, সাঈদ হাসান রাব্বি ও এহসান আহমদের পাঁচদিন করে রিমান্ডের আবেদন করা হয়েছিল। গত রবিবার শুনানী শেষে বিচারক দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, গত ৩১ জুলাই দুপুরে এক রোগীর দুই স্বজনের সাথে ইন্টার্ন চিকিৎসক ইমন আহমদের বাগবিতন্ডা হয়। একপর্যায়ে ওই দুই স্বজনকে পুলিশে সোর্পদ করা হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হয়। এর জের ধরে পরদিন সোমবার রাত ৮টার দিকে ইন্টার্ন চিকিৎসক ইমন আহমদ ও ওসমানী মেডিকেল কলেজের ৩য় বর্ষের ছাত্র রুদ্র নাথের উপর হামলা চালায় কয়েকজন দুর্বৃত্ত।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



