সিলেটের জৈন্তাপুরে আদালতের নির্দেশে ৩৫টি পাওয়ার জেল ও ৩৫টি ইলেকট্রনিক ডেটোনেটর ধ্বংস করেছে সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের বোমা বিস্ফোরক দল।
বৃহস্পতিবার দুপুরে সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগং এলাকার সিদ্দিক মিয়ার মালিকানাধীন ভূমিতে মোট ৭০টি বিস্ফোরক ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- সিলেট সেনানিবাসের ক্যাপ্টেন আবিদ, ক্যাপ্টেন সাদমান, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ, উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শফিকুর রহমান প্রমুখ।
সংশ্লিষ্টরা জানান, গত ৬ জুন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯ এর একটি দল জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের ভিত্রিখেল পূর্ব মনতৈল গ্রামের জামে মসজিদের নিকট হতে নাশকতা সৃষ্টির লক্ষ্য বাংলাদেশে নিয়ে আসা ভারতের তৈরি শক্তিশালী ৩৫টি পাওয়ার জেল ও ৩৫ টি ইলেকট্রনিক ডেটোনেটর উদ্ধার করে। পরবর্তীতে র্যাব-৯ বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করে এবং উদ্ধারকৃত আলামতগুলো পুলিশের নিকট হস্তান্তর করে।
এ বিষয়ে বোমা বিস্ফোরক দলের ক্যাপ্টেন আবিদ বলেন, ‘আদালতের নির্দেশে পুলিশের উপস্থিতিতে আমরা জব্দকৃত ভারতের তৈরি পাওয়ার জেল ও ইলেকট্রনিক্স ডেটোনেটর গুলো ধ্বংস করি।’
নতুনসিলেট২৪ডটকম / আল-আমিন
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



