হজকিন্স ক্যান্সারের আক্রান্ত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাহসিন তাবাসসুম ইফতি। তার চিকিৎসার্থে বিশ্ববিদ্যালয়ের অন্যতম চলচ্চিত্র বিষয়ক সংগঠন ‘চোখ ফিল্ম সোসাইটি’র আয়োজনে তিনদিন ব্যাপী চ্যারিটি ফিল্ম ফেস্ট শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে ‘হালদা’ চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে এ ফিল্ম ফেস্ট শুরু হয়। এ ফিল্ম ফেস্টের উদ্বোধন করেন চোখ ফিল্ম সোসাইটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. হিমাদ্রি শেখর রায়।
এসময় আরো উপস্থিত ছিলেন চোখ ফিল্ম সোসাইটির সাবেক সভাপতি আসিফ জামিল, ফাহিম আল হৃদয়, বর্তমান সভাপতি হুমায়ুন কবির রিফাত, সহ-সভাপতি শাহরিয়ার মানিক আকাশ, সাংগঠনিক সম্পাদক আজিজুল সরকার আজিজ, সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ আহমদ, রিসার্চ ও প্রকাশনা সম্পাদক অলক দেবনাথ ও সহ-কোষাধ্যক্ষ ইসরাত জাহান প্রমুখ।
ড. হিমাদ্রি শেখর রায় বলেন, চোখ ফিল্ম সোসাইটি সবসময় বিভিন্ন সেবামুলক কাজে মানুষের পাশে দাঁড়িয়েছে। অর্থাভাবে যখন মানুষ চিকিৎসা করাতে পারে না, তখন চ্যারিটি ফিল্ম ফেস্টের আয়োজন করে থাকে। এবার ইফতির জন্য চ্যারিটি ফিল্ম ফেস্টের আয়োজন করা হয়েছে। এখান থেকে প্রাপ্ত টাকা তার চিকিৎসার জন্য পাঠানো হবে। ফিল্ম ফেস্টের আয়োজন করায় সংগঠনের সকল সদস্যকে আন্তরিক ধনবাদ জানাচ্ছি।
সংগঠনের সহসভাপতি শাহরিয়ার মানিক আকাশ বলেন, বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাহসিন তাবাসসুম ইফতি অনেক দিন ধরে ক্যান্সারের সাথে লড়াই করছেন। তিনি ডাক্তারের পরামর্শে কেমোথেরাপি দিচ্ছেন। তার চিকিৎসার জন্য ১৫ লাখ টাকা প্রয়োজন। তার পরিবারের পক্ষে চিকিৎসার খরচ চালানো আর সম্ভব হচ্ছে না। তাই ইফতির চিকিৎসাতে সহযোগিতা করার লক্ষ্যে আমরা তিনদিন ব্যাপী চ্যারিটি ফিল্ম ফেস্টের আয়োজন করেছি।
তিনি আরো বলেন, বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুর দুইটায় এ ফিল্ম ফেস্ট শুরু হয়েছে। তিনদিনে সর্বমোট ৮ টি চলচ্চিত্র প্রদর্শন করা হবে। প্রতিটি টিকেটের মূল্য ৫০ টাকা। বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় টিকেট পাওয়া যাবে। এখান থেকে প্রাপ্ত অর্থ ইফতির চিকিৎসায় ব্যয় করা হবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



