বহিরাগতদের হামলায় দুই ছাত্র আহতের ঘটনায় চলমান আন্দোলন স্থগিত করলো সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের (সিওমেক) শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা।
বৃহস্পতিবার (৪আগষ্ট)মেডিক্যালকলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভা শেষে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন ইন্টার্ণ চিকিৎসকরা।
চলমান আন্দোলন আগামী এক সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেন ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল মুন্তাকিম চৌধুরী।
তিনি বলেন, হামলার ঘটনার প্রধান আসামি দিব্যকে গতরাতে গ্রেফতার করেছে পুলিশ।এর প্রেক্ষিতে আজকের অনুষ্ঠিত বৈঠকে ভিসি, পরিচালকসহ সকলেই কর্মসূচি প্রত্যাহার করার দাবী জানান। তাই আমরা চলমান আন্দোলন স্থগিত করেছি।
আন্দোলনে নেতৃত্বদানকারী ইন্টার্ণ চিকিৎসকরা বলেন, মামলার প্রধান আসামী গ্রেফতার হলেও অপর আসামীরা এখনো গ্রেফতার হয়নি। তাই আমরা আগামী এক সপ্তাহ সময় বেধে দিয়ে চলমান আন্দোলন স্থগিত করছি। একই সঙ্গে সকাল ১১ টা ৩৫ মিনিট থেকে তারা কাজে যোগদান দিয়েছেন বলেও জানান।
বৈঠকে উপস্থিত সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ডা. মোর্শেদ আহমদ চৌধুরী বলেন, ইন্টার্ণ চিকিৎসক ও ছাত্ররা তাদের নিরাপত্তা নিশ্চিতের ওপর বেশি তাগিদ দিয়েছেন। এছাড়া হামলায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে দাবি তোলেন। তাদের দাবির প্রেক্ষিতে স্বাস্থ্য ও শিক্ষার ডিজি তাদের আশ্বস্থ করেন তিনি আসামিদের গ্রেফতারে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ করবেন। এরপ্রেক্ষিতে আন্দোলন স্থগিত করে তাকে নিয়ে রোগি দেখেন ইন্টার্ণ চিকিৎসকরা। এছাড়া শিক্ষার্থীরা ক্লাসে ফিরেছেন।
তিনি বলেন, তিনি অধ্যক্ষ থাকাকালে নিরাপত্তার বিষয়টি প্রাধান্য দিয়ে ক্যাম্পাসের পেছনের দিকে সীমানা প্রাচীর করেছিলাম। তাছাড়া বহিরাগতরা খেলতে এসে মাঠের দখল নেন। এনিয়ে ছাত্রদের সঙ্গে অনেক সময় মারামারিতে লিপ্ত হন। বিশেষ করে ছাত্রী ও নার্সিং হোস্টেলের সামনে ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগ রয়েছে। আর ক্যাম্পাস অভ্যন্তরে ঢুকে বহিরাগতদের অনেকে মাদক সেবন করে। যে কারণে নিরাপত্তায় পুলিশ মোতায়েনের বিষয়ে জোর দেওয়া হয়েছে।
বৈঠক শেষে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, আন্দোলকারী শিক্ষার্থীদের দাবিগুলো পূরণের আশ্বাসের প্রেক্ষিতে তারা ধর্মঘট এক সপ্তাহের জনৗ স্থগিত রেখে কাজে যোগ দিয়েছেন। তাদের দাবিগুলোর মধ্যে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামিদের গ্রেফতার করা। এরইমধ্যে প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যান্য আসামিদের গ্রেফতারের আশ্বাসে তারা আন্দোলন স্থগিত করে ইন্টার্ণ চিকিৎসকরা কাজে এবং শিক্ষার্থীরা ক্লাসে ফিরেছেন।
ইন্টার্ন চিকিৎসকদের সাথে বৈঠকে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য শিক্ষার মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়য়ের ভাইস চ্যান্সেলর ডা. মোর্শেদ আহমদ, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভুঁইয়া, ওসমানী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. ময়নুল হক, সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ) ডা. হিমাংশু লাল রায়, মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম,সাধারণ সম্পাদক নাজমুল হাসান,ইন্টর্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক সহ অন্যান্য প্রতিনিধিগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
পূর্ব বিরোধের জের ধরে গত সোমবার (১ আগস্ট) সন্ধ্যা রাতে ওসমানী মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীদের ওপর হামলা করেন বহিরাগতরা।এ ঘটনায় ওই দিন রাত ১০টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরদিন মঙ্গলবার এ ঘটনায় দু’টি মামলা দায়ের করে মেডিক্যাল কলেজ ও হাসপাতাল প্রশাসন। ঘটনার রাতে পুলিশ ২ জনকে গ্রেফতার দেখালেও আন্দোলন থেকে সরেননি শিক্ষার্থীরা। পরদিন মঙ্গলবার(০৩ আগস্ট) মেডিক্যাল কলেজে ছাত্র ও ইন্টার্ণ চিকিৎসকদের নিয়ে বৈঠকে বসেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ, হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন। বৈঠকে তাদের সব দাবি পূরণে আশ্বস্থ করলেও আন্দোলন অব্যাহত রাখা হয়।
এ অবস্থায় চিকিৎসা সেবা বন্ধ রেখে ছাত্রদের সঙ্গে আন্দোলনে চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় ইন্টার্ণ চিকিৎসক পরিষদ। কেবল জরুরী বিভাগ ব্যতীত সকল বিভাগে সেবা বন্ধ রেখে আন্দোলন চালিয়ে যান।
বুধবার বেলা দেড়টার দিকে ফের হাসপাতালের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও ইন্টার্ণ চিকিৎসকরা। ওই বিক্ষোভে সামিল হন মিডলেভেল চিকিৎসক পরিষদও। ওইদিন বেলা আড়াইটায় তারা আলটিমেটাম দেন বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে আসামিদের গ্রেফতার না করলে হাসপাতালের সব সেবা বন্ধ করে দেবেন।
এ অবস্থায় বুধবার দিনগত রাত পৌনে ১টার দিকে নগরের উপকন্ঠ শাহপরান এলাকা থেকে দু’টি মামলার একটির প্রধান আসামি দিব্য সরকারকে গ্রেফতার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত দিব্য সরকার সিলেট নগরের কাজলশাহ ৫২ নং বাসার রমনীকান্ত সরকারের ছেলে। তিনি মহানগর ছাত্রলীগ কর্মী। তার গ্রেফতারের মধ্য দিয়ে আন্দোলন স্থগিত করলেন ওসমানী মেডিক্যাল কলেজ শিক্ষার্থী ও ইন্টার্ণ চিকিৎসকরা্।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



