তিন তারকা একসঙ্গে জ্বলে উঠলেন। আর নঁতেকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা ঘরে তুললো প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। গতকাল ফরাসি সুপার কাপের ম্যাচে নঁতেকে ৪-০ গোলে বিধ্বস্ত করে পিএসজি। জোড়া গোল করেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। একটি করে গোল লিওনেল মেসি ও সার্জিও রামোসের।
নতুন কোচ ক্রিস্টফ গালতিয়ের অধীনে এটি ছিল পিএসজির প্রথম অফিসিয়াল ম্যাচ। ইনজুরির কারণে খেলতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। শুরুর একাদশে আক্রমণভাগে লিওনেল মেসি, নেইমারের সঙ্গী হন পাবলো সারাবিয়া।
তেলআবিবের ব্লুমফিল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় পিএসজি। ২২তম মিনিটে গোলের খাতা খোলেন লিওনেল মেসি। মাঝমাঠ থেকে মেসির উদ্দেশ্যে বল বাড়ান নেইমার। বল নিয়ন্ত্রণে নিয়ে নঁতের রক্ষণ ভেঙে গোলরক্ষককে বোকা বানান মেসি।
গত মৌসুমে নিজের সেরাটা খেলতে না পারা আর্জেন্টাইন তারকা এবার শুরুতেই গোল করে একটা বার্তা দিয়ে রাখলেন।
প্রথমার্ধের যোগকরা সময়ে (৪৫+৫ মিনিট) নেইমারের ফ্রি-কিক থেকে লিড বাড়ায় পিএসজি। বিরতি থেকে ফিরে স্কোরশিটে নাম তোলেন সার্জিও রামোস। মেসির হাফভলি ঠেকিয়ে দিয়েছিলেন নঁতের গোলরক্ষক লাফন্ত। শেষরক্ষা হয়নি। সাবেক রিয়াল মাদ্রিদ তারকা রামোস ব্যাক-হিলে বল জড়ান জালে।
৮১তম মিনিটে নেইমারকে ডি-বক্সে ফাউল করে লাল কার্ড দেখেন নঁত ডিফেন্ডার জন-চার্লস ক্যাস্টেলেত্তো। পেনাল্টি পায় পিএসজি। স্পটকিকে নিজের দ্বিতীয় ও দলের হয়ে চতুর্থ গোল করেন নেইমার।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



