সিলেটে প্রতি একশ’ জনে অবিবাহিতদের সংখ্যা ৩৮ শতাংশের একটু কম। সম্প্রতি পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি থেকে এই তথ্য জানা গেছে। এতে দেখা গেছে; সিলেটে অবিবাহিতদের সংখ্যা শতকরা হিসেবে ৩৭.৭৭ শতাংশ। বিবাহিতদের সংখ্যা শতকরা হিসেবে ৫৫.৫৯। এ ছাড়া বিধবা ৫.৮১, তালাকপ্রাপ্ত ৪.৩ ও দাম্পত্য বিচ্ছেদ ০.৩৯ শতাংশ। পরিসংখ্যান ব্যুরো জনশুমারি পরিসংখ্যান থেকে জানা গেছে- গোটা দেশের মধ্যে সিলেটেই অবিবাহিতদের সংখ্যা বেশি। সিলেট বিভাগে নতুন জনশুমারি অনুযায়ী মোট জনসংখ্যা ১ কোটি ১০ লাখ ৩৪ হাজার ৮৬৩ জন। এর মধ্যে পুরুষ হচ্ছে ৫৩ লাখ ৮০ হাজার ৬৭৫ জন ও মহিলার সংখ্যা ৫৬ লাখ ৪৭ হাজার ২৪৭ জন। গোটা দেশের ন্যায় সিলেট বিভাগেও পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। এর মধ্যে সিলেট জেলায় লোকসংখ্যা বেশি।
এ জেলার লোক সংখ্যা ৩৮ লাখ ৫৭ হাজার ৩৭ জন। এ ছাড়া সুনামগঞ্জে ২৬ লাখ ৯৫ হাজার ৪৯৫, মৌলভীবাজারে ২১ লাখ ২৩ হাজার ৪৪৫ ও হবিগঞ্জে ২৩ লাখ ৫৮ হাজার ৮৮৬ জন। সিলেট সিটি করপোরেশনে গত ১১ বছরে জনসংখ্যা বেড়েছে প্রায় ৫৩ হাজার ৫৯৯ জন। ২০১১ সালের আদমশুমারিতে নগরের লোকসংখ্যা ছিল ৪ লাখ ৭৯ হাজার ৮৩৭ জন। বর্তমান শুমারিতে লোকসংখ্যা ৫ লাখ ৩২ হাজার ৪২৬ জন। নগরে তৃতীয় লিঙ্গের লোকসংখ্যা ১১৪ জন। আর বিভাগে এ সংখ্যা ৮৪০ জন। সবচেয়ে কম হচ্ছে তৃতীয় লিঙ্গের মানুষ। ধর্মীয় বিবেচনায় সিলেটের ৮৬.১৭ ভাগ মুসলিম, ১৩.৫০ ভাগ হিন্দু, ০.০১ ভাগ বৌদ্ধ, ০.২৩ ভাগ খ্রিস্টান ও ০.৮ ভাগ অন্যান্য ধর্মের বাসিন্দা। সিলেট বিভাগে প্রতিবন্ধীর সংখ্যা ১ লাখ ৬২ হাজার ৬৮ জন। এর মধ্যে পুরুষ ৯০ হাজার ৫৫৭ জন ও মহিলা ৭১ হাজার ৫১১ জন। সিলেটে মোবাইল ব্যবহার করেন ৪৭.৫৫ ভাগ মানুষ। আর ইন্টারনেট ব্যবহার করেন ২৮.০৫ ভাগ মানুষ। এদিকে- সিলেটে অনেকেই হালনাগাদ আদমশুমারি থেকে বাদ পড়ার অভিযোগ উঠেছে। গণনাকারীদের অনেকে বাসায় যায়নি বলে অভিযোগ করা হয়েছে। আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ গণমাধ্যমের কাছে তার পরিবারের ৮ থেকে ১০ জন আদমশুমারি থেকে বাদ পড়ার কথা জানিয়েছেন। তার বাসায় কেউ যায়নি বলে জানান তিনি। এ ছাড়া শহর এবং নগরের আরও কয়েকজন আদমশুমারির গণনার বাইরে ছিলেন বলে জানিয়েছেন। তবে এ ব্যাপারে পরিসংখ্যান ব্যুরো সিলেট বিভাগের যুগ্ম পরিচালক মুহাম্মদ আতিকুল কবির গতকাল বিকালে জানিয়েছেন, আমরা শতভাগ মানুষকে গণনার মধ্যে আনতে কাজ করেছি। এজন্য এলাকার গণনা সঠিকভাবে করার জন্য এলাকাভিত্তিক লোক নিয়োগ দেয়া হয়েছে। ১৪ই জুন রাতের অবস্থানের সূত্র ধরে সব গণনা করা হয়। এক্ষেত্রে ভাসমান লোকজনকেও গণনার আওতায় নিয়ে আসা হয়। তিনি জানান, এর বাইরে হটলাইনের নাম্বার ছিল। যে কেউ সেখানে ফোন করে নাম অন্তর্ভুক্ত করেছেন। সুত্র: মানবজমিন
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



