‘মুক্তিযোদ্ধা স্মার্ট আইডি কার্ড’ এবং ‘ডিজিটাল সার্টিফিকেট’পাবেন সিলেটের ১১ হাজার বীর মুক্তিযোদ্ধা।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে একাত্তরের মুক্তিযোদ্ধাদের ‘মুক্তিযোদ্ধা স্মার্ট আইডি কার্ড’ এবং ‘ডিজিটাল সার্টিফিকেট’ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।
সিলেট বিভাগের তিনটি জেলার প্রায় ১১ হাজার মুক্তিযোদ্ধা এসব কার্ড ও সার্টিফিকেট পাবেন।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে দেশের সতেরোটি জেলার ২৪ হাজার ৭৬১ জন মুক্তিযোদ্ধাদের মধ্যে ‘মুক্তিযোদ্ধা স্মার্ট আইডি কার্ড’ বিতরণ করা হবে।এছাড়া ৪৬ হাজার ৮০৩ জন মুক্তিযোদ্ধা পাবেন ‘ডিজিটাল সার্টিফিকেট’।
এর মধ্যে সিলেট বিভাগের তিন জেলায় ৩ হাজার ২৮৩ জন মুক্তিযোদ্ধা পাবেন স্মার্ট আইডি কার্ড এবং ৭ হাজার ৪৮৫ জন পাবেন ডিজিটাল সার্টিফিকেট।
সুনামগঞ্জ জেলায় ১ হাজার ৭১১ কার্ড ও ৩ হাজার ৯৬৭ সার্টিফিকেট, মৌলভীবাজার জেলায় ৬৪৪ কার্ড ও ১ হাজার ৪৭১ সার্টিফিকেট এবং হবিগঞ্জে ৯২৮ কার্ড ও ২ হাজার ৪৭ সার্টিফিকেট বিতরণ করা হবে।
আপাতত সিলেট জেলায় কোনো মুক্তিযোদ্ধা কার্ড বা সার্টিফিকেট পাচ্ছেন না। পরবর্তী ধাপে এ জেলার মুক্তিযোদ্ধারা এগুলো পাবেন।
মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানান, সতেরোটি জেলায় স্মার্ট আইডি কার্ড ও ডিজিটাল সার্টিফিকেটের প্রিন্টিংয়ের কাজ শেষ হয়েছে। বাকি ৪৭টি জেলার মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড প্রিন্টের কাজ শেষ হতে আরও দেড় মাসের মতো সময় লাগতে পারে।
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া জানিয়েছেন, মুক্তিযোদ্ধাদের স্মার্ট আইডি কার্ড ও ডিজিটাল সার্টিফিকেট প্রতিটি উপজেলায় নির্বাহী অফিসার, মহানগরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিতরণ করা হবে।
এছাড়া জেলাভিত্তিক সার্টিফিকেট ও কার্ড মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.molwa.gov.bd) প্রকাশিত তালিকা যাচাই করে বিতরণ করতে হবে।
এ বিষয়ে সিলেটের সিনিয়র জেলা নির্বাচন অফিসার শুক্কুর মাহমুদ বলেন, সরকারের সিদ্ধান্ত মোতাবেক মুক্তিযোদ্ধাদের নামের আগে বীর মুক্তিযোদ্ধা উল্লেখিত স্মার্টকার্ড দিয়ে সম্মানিত করবে নির্বাচন কমিশন। এই কার্ডেরে বিপরীতে তাঁদের জন্য আলাদা সুযোগ সুবিধা থাকবে।
প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারিতে মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ স্মার্ট কার্ড বিতরণের অংশ হিসেবে ১০০ মুক্তিযোদ্ধাকে এই কার্ড প্রদান করা হয়। কার্ডের মধ্যে ‘বীর মুক্তিযোদ্ধা’লিখা রয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



