ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখতে বিশ্ববিদ্যালয়ের আইন, অনুশাসন মেনে চলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
শুক্রবার ( ২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয মসজিদে লোকপ্রশাসন বিভাগের উদ্যোগে বুলবুলের মাগফেরাতের জন্য আয়োজিত দোয়া মাহফিলে এই আহ্বান জানান উপাচার্য।
এসম তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মধ্যে অনন্য উচ্চতায় আছে। শিক্ষা, গবেষণা, সুশাসন, অবকাঠামো উন্নয়ন সব দিকেই অন্যান্যরা আমাদের অনুসরণ করে। তবে আমরা দেখছি ইদানীং আমাদের ক্যাম্পাসে কোন শৃঙ্খলা নেই। রাতে-দিনে যে যেভাবে পারে, সেভাবে অবাধ বিচরণ করছে। অনেক সময় এমন পরিস্থিতি দেখা যায়, যা দেখলে আমরা নিজেরাও লজ্জিতবোধ করি। অবাধ বিচরণ করলে সেক্ষেত্রে নিজেদের নিরাপত্তা কতটুকু থাকবে তা নিয়ে আমরা সন্দিহান। তাই এই জায়গাটিতে ঠিক করতে পারলে এ বিশ্ববিদ্যালয় আরো অনেকদূর এগিয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে শৃঙ্খলা ফিরিয়ে আনতে শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের কাছে করজোড়ে মিনতি করেন উপাচার্য।
ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের সব নিরাপত্তা দিতে পারবো। তবে শিক্ষার্থীদরা নিজে থেকে সচেতন না থাকলে এই নিরাপত্তা কোন কাজে আসবে না। ক্যাম্পাসে বহিরাগতের আনাগোনা বেশি, তাই বিদপ হবে এমন জেনেও যদি রাত-বিরাতে অবাধ বিচরণ করি, সচেতন না থাকি, সেক্ষেত্রে আমরা হাজার চেষ্টা করেও নিরাপত্তা দিতে পারব না। তাই শিক্ষার্থীদের আরো সচেতন ও সুশৃঙ্খল হয়ে বিশ্ববিদ্যালয়ের আইন, অনুশাসন মেনে চলার আহ্বান উপাচার্যের।
ক্যাম্পাসে নিরাপত্তার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রায় ৩০ বছর পর এই বিশ্ববিদ্যালয়ের চতুর্দিকে সাড়ে ৬ কিলোমিটার জুড়ে সীমানা প্রাচীর দেওয়া হয়েছে। তবে ক্যাম্পাসে সবসময় বহিরাগতদের আনাগোনা চলছে। বুলবুলে মতো এমন ঘটনা আর যাতে আর পুনরাবৃত্তি না হয় সেজন্য আমাদের সকলকে আরো বেশি সচেতন থাকতে হবে। ক্যাম্পাসে পর্যাপ্ত আলো নিশ্চিত করে সেসব জায়গা সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হবে। আমরা চাই ক্যাম্পাসে একটা নিরাপত্তার বলয়সহ শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য যা যা করা দরকার তা করা হবে। আমরা আছি শিক্ষার্থীদের জন্য, শিক্ষার্থীদের মঙ্গলের জন্য।
বুলবুলের প্রতি শোক জানিয়ে তার আত্মার মাগফেরাত কামনা করে উপাচার্য বলেন, আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থী বুলবুলের অকাল মৃত্যুতে আমরা ব্যথিত এবং গভীরভাবে শোকাহত। আমরা আমাদের প্রাণপ্রিয় ছেলে-মেয়েদের অকালে আর হারাতে চাইনা। আমরা চেষ্টা করছি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে বুলবুলের পরিবারকে সহযোগিতা করতে। আমরা সবসময় তার পরিবারের পাশে আছি।
জানা যায়, সোমবার (২৫ জুলাই) সন্ধ্যায় এক বান্ধবীর সাথে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অবস্থিত গাজী কালুর টিলায় ঘুরতে যায় বুলবুল। পরে সেখানে অবস্থানকালীন সময়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন তিনি। এতে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে বুলবুল মাটিতে লুটে পড়ে। পরে শিক্ষার্থীরা জানতে পেরে তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



