শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী বুলবুল আহমদ (২২) খুনের ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার(২৬ জুলাই) ভোররাতে ভার্সিটি সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে জালালাবাদ থানা পুলিশ।
এসএমপির অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্লাহ তাহের এ তথ্য নিশ্চিত করে বলেন, খুনের ঘটনায় সংশ্লিষ্টতা সন্দেহে ভোররাতে তাদের আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে আপাতত তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না।বর্তমানে জিজ্ঞাসাবাদ চলছে। জড়িত থাকার প্রমাণ পেলে গ্রেফতার দেখিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
জালালাবাদ থানার ওসি (তদন্ত)বলেন, হত্যার ঘটনায় আটক ৩ জনের সংশ্লিষ্টতা থাকতে পারে। তাই তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।
সোমবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ক্যাম্পাসে বেগম সিরাজুন্নেছা হল সংলগ্ন গাজিকালুর টিলায় অজ্ঞাত দুস্কৃতিকারীদের হাতে শিক্ষার্থী বুলবুল ছুরিকাহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে এবং পরে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মো. বুলবুল আহমদ নরসিংদী জেলার সদর উপজেলার নন্দীরপাড়ার চিনিশপুরম গ্রামের ওয়াহাব মিয়ার ছেলে। তিনি শাবিপ্রবির লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের(২০১৮-১৯ সেশন) শিক্ষার্থী ছিলেন।
এ ঘটনায় মঙ্গলবার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহম্মদ ইশফাকুল ইসলাম বাদি হয়ে সিলেট মেট্টোপলিটন পুলিশের জালালাবাদ থানায় হত্যা মামলা (নং-২৮(৭)’২২) দায়ের করেন। মামলায় অজ্ঞাত একাধিক দুস্কৃতিকারীদের আসামি করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



