শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছিনতাইকারীদের ছুরিকাঘাতে বুলবুল আহমদ (২২) নামে এক শিক্ষার্থী খুন হয়েছেন।
সোমবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ক্যাম্পাসের অভ্যন্তরে গাজিকালুর টিলায় এ ঘটনা ঘটে। নিহত বুলবুল আহমেদ শাবিপ্রবি’র লোক প্রশাসন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী।
রাতে বিষয়টি নিশ্চিত করে নিহতের বুলবুলের সহপাঠী অমিত ভৌমিক বলেন, গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অমিত জানান, সন্ধ্যার বিশ্ববিদ্যালয়ের গাজীকালুর টিলায় তাকে ছুরিকাঘাত করে ছিন্তাইকারীরা। তাকে উদ্ধার করে তাৎক্ষনিক শাবিপ্রবি হাসপাতালে আনা হয়। সেখানে তার পালস ছিল না। পরে সেখান থেকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বুলবুলকে মৃত ঘোষণা করেন।
শাবিপ্রবির প্রক্টর ইশরাত ইবনে ইসমাইলকে একাধিকবার ফোন করা হলেও তাকে মোবাইল ফোনে পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবু হেনা পহিল বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশ্ববিদ্যালয়ের গাজীকালুর সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ছুরিকাঘাতে আহত হয় লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী বুলবুল আহমদ। আহত অবস্থায় তাকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে এ বিষয়ে কোন তথ্য জানতে পারেননি।
ঘটনার খবর পেয়ে সিলেট মেট্টোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ও জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে উপস্থিত হয়।
এসএমপির জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, দুর্বৃত্তের ছরিকাঘাতে ওই ছাত্র খুন হয়েছেন। আমরা হত্যাকারীদের ধরতে চেষ্টা চালাচ্ছি।
এদিকে, ছিনতাইকারীর ছুরিকাঘাতে শাবিপ্রবি শিক্ষার্থী বুলবুল আহমদের মৃত্যুর খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রলীগের নেতাকর্মীরা হাসপাতালে ভীড় করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বুলবুল আহমেদ শাবিপ্রবির লোকপ্রশাসন বিভাগের তৃতীয় (২০১৮-১৯ সেশন) বর্ষের শিক্ষার্থী। তিনি নরসিংদী সদরের বেলা নগরের বাসিন্দা।
এদিকে, নিহত শিক্ষার্থী বুলবুলের মৃত্যুর খবর শুনে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
এসময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এমন ঘটনা কোনভাবেই মেনে নেওয়া যায় না। আমরা ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবো। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও তাদের ধৈর্য্য ধারনের আহ্বান জানান।
এ বিষয়ে সিলেটের উপ পুলিশ কমিশনার মো. আজবাহার আলী শেখ জানান, আমরা জেনেছি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ছুরিকাঘাতে নিহত হয়েছেন। আমরা ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেবো।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



