বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট শাখা ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পদার্থ বিজ্ঞান বিভাগের যৌথ উদ্যোগে ‘বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ও উষ্ণ প্রবাহ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উক্ত বিষয়ে একক বক্তব্য প্রদান করছেন জলবায়ু পরিবর্তন সংশ্লিষ্ট নাসার সাবেক গবেষক ও বিজ্ঞান বিষয়ক লেখক জ্যোতির্বিজ্ঞানী অধ্যাপক ড. দীপেন ভট্টাচার্য।
সোমবার (২৫ জুলাই) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-‘এ’ এর এক্সটেনশন গ্যালারিতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় আন্তর্জাতিক খ্যাতিনামা জ্যোর্তিবিজ্ঞানী ও নাসার সাবেক এই গবেষক অধ্যাপক ড. দীপেন ভট্টাচার্য বলেন, গবেষণা বলছে জলবায়ু পরিবর্তনের কারণে প্রতি বছর তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। এমনটি যদি হয় তবে আদৌ জীবন ধারণ সম্ভব হবে কিনা তা বলা দুরূহ। এবার মৌসুমি বায়ু ভারতের আসাম ও মেঘালয় অঞ্চলে নিচে থাকায় প্রচুর বৃষ্টিপাত হয়েছে। আর এ কারণে সিলেটসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা দেখা দেয়।
অনুষ্ঠানে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট-এর সহ-সভাপতি ও শাবিপ্রবির পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডঃ নাজিয়া চৌধুরী সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাপার কেন্দ্রীয় কমিটির সদস্য ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক শাকিল, নৃ-বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. এ এফ এম জাকারিয়া, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ এমদাদুল হক, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক পঙ্কজ কুমার দাস।
এছাড়াও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারন সম্পাদক আব্দুল করিম কিম, সহ-সভাপতি ও শাবিপ্রবির সাবেক রেজিস্ট্রার জামিল আহমেদ চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাপা সিলেটের যুগ্ম সম্পাদক ছামির মাহমুদ, জ্যেষ্ঠ সাংবাদিক উজ্জ্বল মেহেদী, নদী বাঁচাও আন্দোলনের সভাপতি আবদুল হাই আল হাদিসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ, বাংলাদেশ পরিবেশ সংক্রান্ত প্রবাসী সংগঠন Bangladesh Environment Network (BEN) ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) প্রতিষ্ঠাতা সদস্য ও নীতি নির্ধারক ডঃ দীপেন (দেবদর্শী) ভট্টাচার্যের জন্ম ১৯৫৯ সনে। আদি নিবাস এলেঙ্গা, টাঙ্গাইল। ঢাকার সেন্ট গ্রেগরিজ স্কুল, নটেরডেম কলেজ ও ঢাকা কলেজে তিনি শিক্ষা গ্রহন করেছেন। রাশিয়ার মস্কো স্টেট ইউনিভার্সিটি থেকে পদার্থবিদ্যায় মাস্টার্স এবং ১৯৯০ সনে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ নিউ হ্যাম্পশায়ার থেকে জ্যোতিঃপদার্থবিদ্যায় পিএইচডি করেন। নাসার গডার্ড স্পেস ফ্লাইট ইনস্টিটিউটে গবেষক ছিলেন। পরে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার রিভারসাইড ক্যাম্পাসে গামা-রশ্মি জ্যোতির্বিদ হিসেবে যোগ দেন। পৃথিবীর বিভিন্ন জায়গায় বায়ুমণ্ডলের ওপরে বেলুনবাহিত গামা-দূরবীন ব্যবহার করে মহাকাশ গবেষণায় নিয়োজিত ছিলেন। বর্তমানে তিনি ক্যালিফোর্নিয়ার মোরেনো ভ্যালি কলেজের পদার্থবিদ্যা বিভাগে অধ্যাপনা করছেন। ২০০৬-২০০৭ সনে ফুলব্রাইট ফেলো হয়ে ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। বাংলাদেশে বিজ্ঞান ও পরিবেশ সচেতনতার প্রসারে যুক্ত রয়েছেন। এছাড়াও তিনি একজন ব্যতিক্রমী গল্পকার; ঢাকা থেকে তাঁর তিনটি গল্পগ্রন্থ ও চারটি বিজ্ঞান কল্প উপন্যাস এবং বাংলাদেশের ভূতাত্ত্বিক ইতিহাসের ওপর একটি বই প্রকাশিত হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



