দেখতে দেখতে সংসার জীবনের এক যুগ পার করলেন তারকা দম্পতি মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। শনিবার (১৬ জুলাই) তাদের বিয়ের ১২ বছর পূর্ণ হয়েছে।
বিয়ে বার্ষিকীর বিশেষ এই দিনটিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন এই দম্পতি। এই দীর্ঘ সংসার জীবনে তাদের সবচেয়ে সুন্দর অর্জন একমাত্র মেয়ে বলে জানালেন তিশা।
শনিবার ফেসবুকে মেয়ে ইলহাম নুসরাত ফারুকীকে কোলে নিয়ে তোলা ছবি প্রকাশ করে তিশা লেখেন, ‘দেখতে দেখতে বিয়ের ১২ বছর কাটিয়ে দিলাম। এই ১২ বছর সংসার জীবনের সবচেয়ে সুন্দর উপহার আমাদের কন্যা ইলহাম নুসরাত ফারুকী। আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ’
ফারুকী পরিচালিত ‘পারাপার’ স্বল্পদৈর্ঘ্য সিনেমায় অভিনয় করেছিলেন তিশা, সেখান থেকেই তাদের চেনাজানা। পরে ‘সিক্সটি নাইন’ নাটক করতে গিয়ে ভালো বন্ধুত্ব তৈরি হয় দু’জনের। বন্ধুত্ব থেকে প্রেম। দীর্ঘ দিনের সে প্রেম থেকে ২০১০ সালের ১৬ জুলাই তারা বিয়ে করেন।
চলতি বছর ৫ জানুয়ারি রাজধানীর একটি হাসপাতালে ফারুকী-তিশার প্রথম মেয়ে ইলহাম নুসরাত ফারুকী জন্ম নেয়। সুখেই কেটে যাচ্ছে যাদের জীবন সংসার।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



