সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে ঘুরতে এসে পানিতে ডুবে মাহিদুল ইসলাম (১৯) নামের এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মাহিদুল ইসলাম নরসিংদী আইডিয়াল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও নরসিংদী সদরের বাগহাটা এলাকার দেলোয়ার মৃধার ছেলে। মঙ্গলবার দুপুরে পর্যটনকেন্দ্র জাফলংয়ের জিরোপয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ শিক্ষার্থীর স্বজন ও টুরিস্ট পুলিশ সূত্রে জানা যায়, মাহিদুল ও তাঁর ১২ জন আত্মীয়স্বজন মিলে মঙ্গলবার সকালে নরসিংদী থেকে সিলেটের জাফলংয়ে ঘুরতে আসে। পরে দুপুরের দিকে মাহিদুলসহ আরও তিনজন ডাউকি নদীর জিরোপয়েন্ট এলাকায় গোসল করতে নামে। গোসল করার একপর্যায়ে সেখান থেকে স্রোতের টানে তলিয়ে গিয়ে মাহিদুল নিখোঁজ হয়। খবর পেয়ে টুরিস্ট পুলিশ, গোয়াইনঘাট থানা-পুলিশ, বিজিবি ও সিলেটের দমকল বাহিনীর ডুবুরি দলের সদস্যরা অনেক চেষ্টার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাহিদুলের মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহত মাহিদুলের আত্মীয়স্বজনের বরাত দিয়ে জাফলং টুরিস্ট পুলিশের ওসি মো. রতন শেখ বলেন, ‘পুলিশ, দমকল বাহিনী ও বিজিবির সমন্বয়ে অভিযান চালানো হয়। টানা ৪ ঘণ্টা চেষ্টার পর মাহিদুলের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



