সিলেট-কুলাউড়ার ভাটেরায় রেলস্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের তিন যাত্রী নিহত হয়েছেন। রোববার (৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ভাটেরা বাজার সংলগ্ন হোসেনপুর বাসস্ট্যান্ডের পশ্চিমে রেললাইনের ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সিলেটগামী আন্তঃনগর পারাবত ট্রেন ঘটনাস্থলে পৌছামাত্র একটি নোহা মাইক্রোবাস অরক্ষিত রেলক্রসিং পারাপারের চেষ্টা করে। এসময় ট্রেনটি নোহা মাইক্রোবাসকে সজোরে ধাক্কা দেয়। ট্রেনটি নিয়ন্ত্রণে আসার আগ পর্যন্ত প্রায় আধা কিলোমিটার পথ টেনে নিয়ে যায় মাইক্রোবাসকে। স্থানীয়রা ৬ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেন। তবে হাসপাতালে নেওয়ার পথে শিশুসহ তিনজন নিহত হয়েছেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রেনটি অরক্ষিত রেল ক্রসিং পার হওয়ার চেষ্টাকালে সিলেটগামী আন্ত:নগর পারাবত ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটিকে প্রায় আধা কিলোমিটার জায়গা টেনে হিচড়ে নেয়। স্থানীয়রা ৬ জনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশুসহ ৩ জন মারা যান। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

কুলাউড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মুহিবুর রহমান বলেন, তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে চিকিৎসার জন্য আহতদের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, ওসমানী মেডিক্যাল সূত্র জানায়, হাসপাতালে তিনজনকে আহতাবস্থায় ভর্তি করা হয়েছে। তাদের কারো পরিচয় পাওয়া যায়নি। তবে লাবিব (৫) নামে এক শিশু ও ফরিদ (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



