গত জুন মাসে সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এ সময় এ জেলাতে ১ হাজার ৪৫৬.০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। যা ২০০৪ সালের জুন মাসের পর সর্বচ্চো।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সিলেটে জুন মাসের স্বাভাবিক গড় বৃষ্টিপাত ছিল ৮১৮.৪ মিলিমিটার। কিন্তু এবার স্বাভাবিকের চেয়ে ৬৩৭.৬২ মিলিমিটার বৃষ্টিপাত বেশি হয়েছে। অর্থাৎ এ মাসে স্বাভাবিকের চেয়ে শতকরা ৭৮ ভাগ বেশি বৃষ্টিপাত হয়েছে।
সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, ২০২২ সালের জুন মাসে বৃষ্টিবহুল দিন থাকার কথা ছিল ২২ দিন, কিন্তু বৃষ্টিপাত হয়েছে ২৮ দিন-এটা অস্বাভাবিক। জুন মাসের ১৮ তারিখ একদিনে সর্বোচ্চ ৩০৩.৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া, ১৭ জুন ১০৯.০৯ মিলিমিটার ও ২৭ জুন ১১০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
তিনি আরো জানান, ২০০৪ সালের জুন মাসে সিলেটে দ্বিতীয় সর্বোচ্চ ১ হাজার ৩৯৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল।
আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরীর মতে, সিলেটে গত কয়েক বছর ধরে ‘চরম’ আবহাওয়া বিরাজ করছে। অর্থাৎ, এ অঞ্চলে অল্প সময়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে। এ কারণে আমাদের সিস্টেমেও ব্রেক (ভাঙন) ধরছে। আমাদের দেশে সচরাচর মার্চ, এপ্রিল ও মে মাসে বেশি বৃষ্টিপাত হয়। কিন্তু, এবার মার্চ মাসে ৪৪ শতাংশ ও এপ্রিল মাসে ২৮ শতাংশ বৃষ্টিপাত কম ছিল। কিন্তু, মে মাসে আবার ৪৭ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। আর জুনে এসে বৃষ্টিপাত প্রায় ৭৮ শতাংশ বেড়ে গেছে।
এদিকে, অতিবৃষ্টির সঙ্গে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত ১৪ জুন থেকে সিলেটে তৃতীয় দফা বন্যা দেখা দেয়। এরই মধ্যে ২০ দিন অতিবাহিত হলেও ২৮ হাজার ২১৩ জন বন্যার্ত মানুষ এখনো ৩৩৯টি আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪ লাখ ৮৪ হাজার ৩৮৩ পরিবার। ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ৪০ হাজার ৯১টি।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



