দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি সময়ে শিক্ষক নিপীড়নের ঘটনায় নিন্দা জানিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগ।
বুধবার (২৯ জুন) সকাল সাড়ে ১০ টায় বাংলা বিভাগের বিভাগীয় সভায় সাম্প্রতিক সময়ে শিক্ষকদের উপর সংঘটিত উৎপীড়নের ঘটনার নিন্দা জানানো হয়েছে।
এবিষয়ে বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. ফারজানা সিদ্দিকা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অতি সম্প্ৰতি শিক্ষার্থী কর্তৃক শিক্ষক খুন, সামাজিকভাবে শিক্ষকের চূড়ান্ত লাঞ্ছনা ও শিক্ষকের জমি লুন্ঠনসহ নানা নিপীড়ন-নির্যাতনের মাধ্যমে প্রতিনিয়ত শিক্ষক-সমাজকে অমানবিক জীবনের দিকে ঠেলে দেওয়ার মতো ঘটনা ঘটছে। দেশে সংঘটিত এই নিষ্পেষণসমূহ শিক্ষকদের জীবনকে অনিরাপদ করে তুলছে, একইসঙ্গে যা তাদের মর্যাদা ও স্বাভাবিক জীবনযাপনের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। উপর্যুক্ত ঘটনা প্রবাহের পরিপ্রেক্ষিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ শিক্ষকদের সামাজিক নিরাপত্তা সম্পর্কে গভীরভাবে উদ্বিগ্ন। বাংলা বিভাগ এই ঘটনার তীব্রনিন্দা জ্ঞাপন করছে। সেই সঙ্গে সংশ্লিষ্ট অপরাধে জড়িত অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানাচ্ছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



