সুনামগঞ্জের শাল্লায় নৌকা ডুবিতে দুই কিশোরীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (৫ আগষ্ট ) সন্ধ্যায় উপজেলার ভেড়ামোহনা হাওরের চাপ্টা নামক গভীর জলাশয়ে হঠাৎ ধমকা ঝড়ো বাতাসের কবলে পড়ে এ নৌকা ডুবির ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার বাহাড়া ইউনিয়নের মির্জাকান্দা গ্রামের শিশু মিয়ার মেয়ে চাদনী বেগম(১৬), ইব্রাহিম মিয়ার ছেলে আপন মিয়া(২৬), মেয়ে ছাবিনা বেগম (১৭), সালমা বেগম (৮), মুখলেছ মিয়ার ছেলে সোহাগ মিয়া(১৮) ও হিরন মিয়ার ছেলে লিটন মিয়া(১৮) একটি ইঞ্জিন চালিত খোলা নৌকায় কিশোরগঞ্জের ইটনা উপজেলার গজারিয়া আত্মীয় বাড়ি থেকে ফেরার পথে নৌকাটি দুর্ঘটনার কবলে পড়েন।
খবর পেয়ে মির্জাকান্দাসহ এলাকাবাসি গিয়ে আপন মিয়া, লিটন মিয়া, সোহাগ মিয়া ও সালমা বেগমকে গুরুতর অবস্থায় উদ্ধার করলেও ওইসময় চাদনী বেগম ও ছাবিনা বেগমকে খোজে পাওয়া যায়নি।
পরে শুক্রবার (৬আগষ্ট) সকাল ১০টায় এলাকাবাসি আবারো উদ্ধার অভিযানে নামেন। এক পর্যায়ে চাদনী বেগম ও ছাবিনা বেগমের মৃত দেহ চাপ্টা বিল থেকে উদ্ধার করেন।
খবর পেয়ে শাল্লা থানার এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ বেলা ১১টায় ঘটনাস্থলে গিয়ে মৃত দুই কিশোরীর সুরতহাল রিপোর্ট তৈরী শেষে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল মুক্তাদির হোসেনের নির্দেশে বিনা ময়না তদন্তে পারিবারিক কবরস্থানে তাদের মরদেহ দাফন করা হয়।