সিলেট ওসমানী মেডিক্যালে অক্সিজেন নিয়ে মারামারি, আহত ৪
নতুন সিলেট প্রতিবেদক:
আপডেট :
শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
শেয়ার করুন...
সিলেট ওসমানী মেডিক্যালে কলেজ হাসপাতালে করোনা ইউনিটে অক্সিজেন নিয়ে কাড়াকাড়ি করে আনসার ও সানমুন সিকিউরিটি কোম্পানীর কর্মচারিদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।
এ ঘটনায় সোহেল আহমদ নামে এক কর্মচারিকে পিঠিয়ে আহত করেছে আনসার সদস্যরা। মারামারির ঘটনায় ৩ আনসার সদস্যও আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) মধ্যরাতে হাসপাতালের ২য় তলার ১৭ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে সিকিউরিটি কোম্পানীর কর্মচারি সোহেলের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালের ২য় তলার ১৭ নং ওয়ার্ডে রোগিদের শয্যা ও অক্সিজেন লাইন নিয়ন্ত্রণে রাখার আধিপত্য নিয়ে আনসার সদস্য ও সিকিউরিটি কোম্পানীর কর্মচারিদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আনসার সদস্যরা চড়াও হয়ে সিকিউরিটি কোম্পানীর কর্মচারিদের মারপিঠ করেন। এতে গুরুতর আহত হন সোহেল আহমদ নামে সিকিউরিটি কোম্পানীর এক কর্মচারি। পরে তাকে হাপসাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় আহত আনসার সদস্যরাও হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।
সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারামারির ঘটনায় আহত আনসার ও সিকিউরিটি কোম্পানীর কর্মচারি। ছবি-নতুন সিলেট
জানা গেছে, হাসপাতালের ২য় তলার ১৭ নং ওয়ার্ডসহ ৩টি ওয়ার্ড করোনা রোগিদের জন্য সংরক্ষিত। পবিত্র ঈদুল আজহার পর থেকে করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় হাসপাতালে করোনা রোগিদের জন্য অক্সিজেন পোর্টের সংকট দেখা দেয়। বিভাগের বিভিন্ন স্থান থেকে হাসপাতালে নিয়ে আসা রোগিরা অক্সিজেনের জন্য চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারিদের দ্বারস্থ হচ্ছেন। কিন্তু রোগির স্বজনদের টাকার বিনিময়ে সুবিধা দিতে গিয়ে অক্সিজেন মারামারির ঘটনা ঘটে। এতে আনসার সদস্যদের হামলায় সোহেল আহমদ গুরুতর আহত হন। তিনি হাসপাতালের পরিচ্ন্নতার কজে থেকে আউট সোর্সিংয়ের মাধ্যমে কাজ করতেন। এ ঘটনায় হাসপাতাল জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের আনসার প্লাটুন কমান্ডার আমজাদ হোসেন বাংলানিউজকে বলেন হাসপাতালে করোনা ওয়ার্ডের আনসার ও কর্মচারিদের মধ্যে মারামারি হয়েছে। এতে ৩ আনসার সদস্য আহত হয়েছে দাবি করেন তিনি। তারা হলেন- দোলন, বদিউল আলম ও তোফাজ্জল হোসেন। তারা চিকিৎসাধীন রয়েছেন।
তিনি বলেন, হাসপাতালে রোগির স্বজনদের ৪/৫ জন করে ওয়ার্ডে ঢোকতে দেওয়া নিয়ে কর্মচারিদের সঙ্গে মারামারি ঘটনায় আনসারের ৩ সদস্য আহত হন। তবে অক্সিজেন নিয়ে মারামারির ঘটনার বিষয়ে তিনি কিছুই জানেন না।
ওসমানী মেডিক্যাল কলেজের সহকারি পরিচালক (অর্থ) মাহবুবুল আলম বলেন, সিকিউরিটি কোম্পানী ও আনসার সদস্যদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে শনিবার প্রতিবেদন দিতে ওয়ার্ড মাস্টারকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে ওসমানী মেডিক্যাল কলেজের সহকারি পরিচালক আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি জানতে পেরেছি। এ বিষয়ে মেডিক্যাল প্রশাসন থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে।