করোনাভাইরাসে আক্রান্ত আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি স্বাভাবিকভাবে আছেন। হাসপাতালে শুয়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যাকার খেলা দেখেছেন। বাংলাদেশের বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। রাতে স্বাচ্ছন্দে খাওয়া-দাওয়া করেছেন। মুহিতের ছোট ভাই ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বুধবার (৪ আগস্ট) রাতে এসব তথ্য জানিয়েছেন। রাত সাড়ে ১১টায় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও এ নিয়ে লিখেছেন, মুহিত ভাই গতকাল থেকে ভাল আছেন। তাঁর অক্সিজেন স্যাচুলেশন ৯৬।
তবে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন প্রবীণ এই নেতার দ্বিতীয় দফা পরীক্ষায়ও করোনা পজিটিভ এসেছে। মুহিতের ব্যক্তিগত সহকারী ব্যক্তিগত কর্মকর্তা কিশোর ভট্টাচার্য জনি পরিবারের বরাত দিয়ে বুধবার রাতে জানান, সাবেক অর্থমন্ত্রীর শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। তবে মঙ্গলবার দ্বিতীয় দফা করোনা পরীক্ষা করালে ফল পজিটিভ এসেছে।

সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে সিএমএইচ-এ চিকিৎসাধীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে দেখতে গিয়েছিলেন তাঁরই ছোটভাই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও সহধর্মিনী সেলিনা মোমেন। ফেসবুকে মৃত্যুর গুজব ছড়ানোর পর নিজের ভ্যারিফাইড আইডি থেকে ভাইয়ের স্বাস্থ্যের অবস্থা জানিয়ে পোস্ট দেন ড. মোমেন।
৮৭ বছর বয়সী মুহিতের নমুনা পরীক্ষায় গত ২৪ জুলাই করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। এরপর থেকে রাজধানীর বনানীর বাড়িতে আইসোলেশনে ছিলেন তিনি। এই অবস্থায় ২৮ জুলাই বিকেলে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। তার তেমন শারীরিক জটিলতা না থাকলেও শ্বাসকষ্টজনিত জটিলতার শঙ্কা এড়াতে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান স্বজনরা।
এর আগে মুহিতের বাসার একজন গৃহকর্মীর করোনার সংক্রমণ ধরা পড়েছিল। এরপর বাসার সবার নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় আবুল মাল আবদুল মুহিতের পাশাপাশি তার ছেলে শাহেদ মুহিতের শরীরেরও করোনা শনাক্ত হয়। শাহেদ এখন বাসায় আইসোলেশনে রয়েছেন। মুহিত ইতোমধ্যে করোনা টিকার দুটি ডোজই নিয়েছিলেন।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। এ গুজবে কান না দিতে পরিবারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



