সিলেটে বন্যার্তদের ত্রাণ সামগ্রী বিতরণ করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। প্রায় পাঁচশত বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন তারা।
রবিবার (২৬ জুন) দুপুরে এ ত্রাণ কার্যক্রম শেষ হয় বলে জানান পবিপ্রবির শিক্ষার্থীরা। বিতরণ কর্মসূচির সঙ্গে সার্বিক সহযোগিতায় ছিলেন শাবির ইংরেজি বিভাগের প্রথম ব্যাচের সাবেক শিক্ষার্থী এবং পবিপ্রবির ভাষা ও যোগাযোগ বিভাগের অধ্যাপক মো. মেহেদী হাসান।
সিলেটের বন্যার্তদের মুখে হাঁসি ফোটাতে পবিপ্রবির শিক্ষক শিক্ষার্থীদের থেকে অর্থ সংগ্রহ করে সিলেট থেকে শাবি শিক্ষার্থীদের সহায়তায় ত্রাণ সামগ্রী কেনেন শিক্ষার্থীরা। এরপর তাদের সহায়তায় তা বন্যার্তদের হাতে পৌঁছে দেন তারা।
শিক্ষার্থীরা জানান, সিলেট বিভাগের বন্যার্তদের জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীদের প্রদেয় ফান্ড সংগ্রহ করি। সব মিলিয়ে ১লাখ ৬৬ হাজার ৪৯১ টাকা সংগ্রহ করতে পারি আমরা। এসব অর্থ দিয়ে বন্যায় ক্ষতিগ্রস্থ সুনামগঞ্জের তাহিরপুর, বালুচর, খাসপাড়ার প্রায় পাঁচশত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রী হিসেবে প্রতিটি বন্যার্ত পরিবারকে ৪ কেজি চাল, আধা কেজি ডাল, ২ কেজি আলু, আধা কেজি পেঁয়াজ, সরিষার তেল আর ওষুধ দেওয়া হয় বলে জানান তারা।
ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নিতে পবিপ্রবি থেকে সিলেটে আসেন তানজিদ হাসান জিসান, আবদুল্লাহ, আল মৃদুল, এহসান কবির জিম, নবীন কুমার সরকার (সৃজন), খাইরুল ইসলাম, তৌহিদুল রহমান শাওন।
ত্রাণ সামগ্রী বিতরণের সময় সার্বিকভাবে সহযোগিতা করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। তারা হলেন মোফাসসেল হক, আজিজুল ইসলাম সীমান্ত, মেহেদী হাসান শুভ, নুরিন, অলক এবং শুভ।
অধ্যাপক মেহেদী হাসান বলেন, মানুষের এই দুঃসময়ে পাশে দাঁড়ানো এটা আমাদের সামাজিক দায়বদ্ধতা। বন্যায় ক্ষতিগ্রস্ত লাখ লাখ মানুষের পাশে না থাকতে পারলেও আমাদের সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি। এতে কিছুটা হলেও আত্মতৃপ্তি পাওয়া যাবে।
তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণ পৌঁছে দিতে শিক্ষার্থীরা অনেক কষ্ট করেছে। তারা সূদুর পটুয়াখালী থেকে সিলেটে এসে বৃষ্টিতে ভিজে সারাদিন পরিশ্রম করে বন্যার্তদের হাতে ত্রাণ পৌঁছে দিয়েছে। এতে শাবির কয়েকজন শিক্ষার্থীও সবসময় আমাদের পাশে থেকে সহযোগিতা করেছে। আমি তাদের সকলকে ধন্যবাদ এবং তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



