ভয়াবহ বন্যার দশম দিনে সিলেটে সরকারি-বেসরকারি ত্রাণ বিতরণে সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।
১৫ জুন থেকে বন্যা হলেও শুক্রবার (২৪ জুন) উপজেলা ভিত্তিক সমন্বয়ক কমিটি করেছে সিলেট বিভাগীয় প্রশাসন। উপজেলা পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় বিশিষ্টজনরা থাকছেন কমিটিতে।
সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘এ বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা না থাকলেও, সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রতিটি উপজেলায় একটি করে কমিটি গঠন করা হয়েছে।’
তিনি বলেন, এসব কমিটির প্রধান হিসেবে থাকছেন উপজেলার পর্যায়ের একজন সরকারি কর্মকর্তা। এছাড়া থাকছেন ইউনিয়ন পরিষদগুলোর চেয়ারম্যান, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, স্বাস্থ্য কর্মকর্তা, পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ বলেন, ‘বন্যার্তদের সহযোগিতায় সরকারি ত্রাণের পাশাপাশি বেসরকারি উদ্যোগে সারাদেশ থেকে ত্রাণ আসছে। কিন্তু সমন্বয় না থাকায় কোনো জায়গায় কয়েকবার ত্রাণ যাচ্ছে, আবার কোথাও যাচ্ছে না।’ উপজেলা পর্যায়ে এসব কমিটি সমন্বয়ের দায়িত্বে থাকলে ত্রাণের সুষম বন্টন হবে।
গোয়াইনঘাট উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলামকে উপজেলা সমন্বয় কমিটির প্রধান করা হয়েছে।
তিনি বলেন, ‘প্রতিটি কমিটি উপজেলার বন্যাকবলিত অতি দরিদ্র ও দরিদ্রদের তালিকা করবে এবং ক্ষয়ক্ষতি পর্যালোচনা করবে। পরে সে আলোকে সরকারি ও বেসরকারি ত্রাণ বিতরণে একটি সেন্টার থেকে বিতরণে সহযোগিতা করবে।’
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



