টানা বৃষ্টিতে সিলেটের বিভিন্ন পাহাড়ি এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটছে। মুরারিচাঁদ কলেজ (এমসি কলেজ) অধ্যক্ষের বাংলো সংলগ্ন থেকারের টিলা ধসে পড়েছে। এতে কোনো প্রাণহানি না হলেও টিলাটির ব্যাপক অংশের ক্ষয়ক্ষতি হয়েছে। এতে ঝুঁকিতে পড়েছে বাংলোটি।
১৭৭২ সালে এখানে ডিস্ট্রিক্ট কালেক্টর উইলিয়াম মেইকপেস থেকারের অফিস ছিল। সিলেটের জিরো কিলোমিটারের পিলারটিও এ এমসি কলেজ বাংলোর টিলা থেকে শুরু। পরে ১৯২১ সালে ওই টিলায় এমসি কলেজ বাংলো তৈরি করা হয়।
রোববার (১৯ জুন) এ তথ্য নিশ্চিত করে এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সালেহ আহমদ বলেন, ভারি বর্ষণ চলাকালে শনিবার দুপুর পৌনে একটার অধ্যক্ষের শতবর্ষী বাংলোর টিলার ধস শুরু হয়। প্রায় ১০০ ফুট টিলা ভেঙে গাছপালাসহ নিচে চলে গেছে।
ধসের ফলে বাংলোর উত্তরদিকে প্রায় ২০-২৫টি গাছ উপড়ে মাটিসহ নিচে চলে গেছে। বাঁশ দিয়ে ধস ঠেকাতে চেষ্টা করছেন কলেজের কর্মচারীরা। কিন্তু এতে তেমন কাজ হয়নি।
সালেহ আহমদ বলেন, শনিবার বিকেলে খবর পেয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিভিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোস্তাক আহমদ ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিমসহও অন্যরা এ টিলা পরিদর্শন করেন। তারা বলেন, এ বাংলো রক্ষায় শক্ত পাইলিংসহ আরও নানা ধরণের ব্যবস্থা গ্রহণ প্রয়োজন।
অধ্যক্ষ আরও জানান, এটি শুধু সিলেট নয়, পুরো দেশের একটি ঐতিহ্য হিসেবে চিহ্নিত। ইতোমধ্যে এ ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অবহিত করা হয়েছে। বাংলো রক্ষায় যা প্রয়োজন, সে ব্যবস্থা নেওয়া দরকার।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



