ফের ভয়াবহ অবস্থা দেখা দিয়েছে সিলেটের জকিগঞ্জ-কানাইঘাট উপজেলায়। প্রথম দফা বন্যায় সুরমা-কুশিয়ারা নদীর অন্তত ১৫ স্থানে ভেঙে যাওয়া ডাইক মেরামত না করায় ভাঙা ডাইক দিয়ে ফের প্রবল বেগে পানি ঢুকছে লোকালয়ে।
শুক্রবার সকাল থেকে সুরমা-কুশিয়ারা নদীর অন্তত ৫টি স্থান দিয়ে পানি ঢুকছে। ফলে নতুন করে প্লাবিত হচ্ছে অনেক এলাকা।
জানা গেছে, গত ২০ মে প্রথম দফা বন্যায় সিলেটের জকিগঞ্জ উপজেলায় সুরমা-কুশিয়ারা নদীর অন্তত ১৫টি স্থানে ডাইক ভেঙে যায়। এতে প্রবল বেগে পানি ঢুকে জকিগঞ্জ-কানাইঘাট এলাকার শতাধিক বাড়িঘর প্লাবিত হয়ে যায়। বন্যার পানি কিছুটা কমার পর ভেঙে যাওয়া ডাইক এক মাসের মধ্যে মেরামত করতে ডিপিএম পদ্ধতিতে কাজ দেওয়া হয় কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে। কিন্তু একমাস পেরিয়ে গেলেও ২০ শতাংশ কাজ শেষ হয়নি। এখনো অনেক বাঁধে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোক যায়নি।
গত এক সপ্তাহ ধরে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ফের সুরমা-কুশিয়ারায় পানি বৃদ্ধি শুরু হয়। ফলে দ্বিতীয় দফায় ফের বন্যা পরিস্থিতি দেখা দেয়। শুক্রবার থেকে সুরমা নদীর ভেঙে যাওয়া সব ডাইক দিয়ে ফের প্রবল বেগে পানি ঢুকছে।
সরেজমিনে দেখা গেছে, সুরমা নদীর আটগ্রাম এলাকার মরিচা, নালুহাটি ও বড়বন্দ গ্রামে প্রথম দফায় ভেঙে যাওয়া ডাইক দিয়ে প্রবল বেগে পানি লোকালয়ে ঢুকছে। শুক্রবার সকাল থেকে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় মাত্র ১২ ঘণ্টায় নতুন করে প্লাবিত হয়েছে অর্ধ-শতাধিক গ্রাম। তলিয়ে গেছে গ্রামীণ রাস্তাঘাট।
এদিকে জকিগঞ্জের আমলশীদে সুরমা-কুশিয়ারা নদীর উৎপত্তিস্থলে ভেঙে যাওয়া ডাইক মেরামতে এক মাস আগে টেন্ডার করা হলেও কাজই শুরু হয়নি। গত চারদিন ধরে বৃষ্টিপাত শুরু হওয়ায় ভেঙে যাওয়া ডাইকের পাশে মাটি দেওয়ার কাজ শুরু হয়েছে। তবে এটিও স্থায়ী নয়। কুশিয়ারার পানি বৃদ্ধি পেলে এ ডাইকে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে।
এ ব্যাপারে আমলশীদ এলাকার ডাইক মেরামতে সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম) প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান আমীন এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী নুরুল আমীনকে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
পানি উন্নয়ন বোর্ড সিলেটের উপ-বিভাগীয় প্রকৌশলী এ কে এম নিলয় পাশা জানান, প্রথম দফা বন্যায় ক্ষতিগ্রস্ত ডাইক মেরামতে ডিপিএম পদ্ধতিতে কাজের জন্য ঠিকাদারদের এক মাস সময় দেওয়া হয়েছিল। কিন্তু আবার বন্যা আসায় সময়মতো কাজ শেষ হয়নি। আমরা দ্রুত কাজ শেষ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
নতুনসিলেট২৪ডটকম/ এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



