সিলেট-৬ আসনের অন্তর্গত বিয়ানীবাজার পৌরসভায় নৌকা ডুবলেও ভেসেছে গোলাপগঞ্জ উপজেলায়। তবে পানিতে নিমজ্জিত হয়ে নয়, নৌকা ডুবেছে স্বতন্ত্র প্রার্থী ফারুকুল হকের কাছে। আর গোলাপগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে উপ নির্বাচনে একমাত্র প্রতিদ্বন্দ্বিকে বিপুল ভোটে হারিয়ে নৌকার বিজয় নিশ্চিত করেন মঞ্জুর কাদির সাফি।
বুধবার (১৫ জুন) বিয়ানীবাজার পৌরসভায় ইভিএম-এর মাধ্যমে ভোট গ্রহণ শেষে গণনা পরবর্তী ১০টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. আলমমগীর হোসেন।
পৌরসভায় মোট ২৭ হাজার ৭৯০ ভোটারের মধ্যে ১০টি কেন্দ্রে গৃহীত ভোটের সংখ্যা ১৪ হাজার ৩৬ ভোট। এরমধ্যে ১৪ হাজার ১১ ভোট বৈধ ও ২৫টি বাতিল করা হয়।
মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী জি.এস ফারুকুল হক চামচ প্রতীকে ৪ হাজার ১০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোবাইল ফোন প্রতীকে আব্দুস সবুর পেয়েছেন ২ হাজার ৩১৮ ভোট।
ভোটের হিসাবে তৃতীয় স্থানে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান পৌর মেয়র আব্দুস শুকুর। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ২ হাজার ২৭০ ভোট।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, মেয়র পদে অন্য প্রার্থীদের মধ্যে জগ প্রতীকের তফজ্জুল হোসেন ১ হাজার ৪৯৯ ভোট, কম্পিউটার প্রতীকের আহবাব হোসেন সাজু ১ হাজার ৪৬৩ ভোট, হ্যাঙার প্রতীকের আব্দুস সামাদ আজাদ ১ হাজার ১৬৪ ভোট, হেলমেট প্রতীকের আব্দুল কুদ্দুছ টিটু ৬৭১ ভোট, নারিকেল গাছ প্রতীকের অজি উদ্দিন মাত্র ২১৫ ভোট, লাঙল প্রতীকের সুনাম উদ্দিন ১৩৮ ভোট এবং কাস্তে প্রতীকের আবুল কাশেম ১৭৩ ভোট পেয়েছেন।
এদিকে, গোলাপগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মঞ্জুর কাদির শাফি। ১০২ টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে নৌকার প্রার্থী পেয়েছেন ৪৯ হাজার ৯২০ ভোট। প্রতিদ্বন্দ্বি প্রার্থীর চেয়ে তিনি ৩৩ হাজার ২১৩ ভোট বেশি পেয়েছেন।তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী মো. সফিক উদ্দিন ১৬ হাজার ৭০৭ ভোট পেয়েছেন। এদিন রাতে রিটানিং কর্মকর্তা সিলেটের সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. শুকুর মাহমুদ মঞ্জুর কাদির শাফিকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ২ লাখ ৪০ হাজার ১০০ ভোটারের মধ্যে ৬৭ হাজার ৫৯১ ভোট কাস্ট হয়েছে। এর মধ্যে ৮২৪ ভোট বাতিল এবং ৬৬ হাজার ৬২৭ ভোট বৈধ হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



