চুয়াডাঙ্গায় চলন্ত ট্রেন থেকে ছবি তোলার সময় পড়ে গিয়ে রোহান (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে আহত অবস্থায় চুয়াডাঙ্গা থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এর আগে সোমবার সন্ধা সাড়ে ৬টার দিকে খুলনাগামী নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনটি চুয়াডাঙ্গা শহরের বেলগাছি ও ফার্মপাড়ার মাঝামাঝি স্থানে পৌঁছালে চলন্ত ট্রেন থেকে পড়ে যান রোহান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।
আহত রোহান চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের ক্লাবপাড়ায় সিএনজি চালক রায়হানের ছেলে রোহান। তিনি উথলী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সোমবার সন্ধা সাড়ে ৬টার দিকে খুলনাগামী নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনটি চুয়াডাঙ্গা শহরের বেলগাছি ও ফার্মপাড়ার মাঝামাঝি স্থানে পৌঁছালে চলন্ত ট্রেন থেকে একজনকে পড়ে যেতে দেখি। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসি। প্রথমে পরিচয় শনাক্ত করা না গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে আসেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নূর জাহান রুমি বলেন, ‘ওই কিশোরের মাথা, পাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়েছে। কান দিয়ে রক্তক্ষরণ হচ্ছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করা হয়েছে।’
সোমবার রাত সাড়ে ৯টার দিকে আহত রোহানকে নিয়ে পরিবারের সদস্যরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে চুয়াডাঙ্গা ত্যাগ করেন।
এম্বুলেন্স চালক রাশেদ বলেন, ‘রাত ১১টার দিকে ঝিনাইদহ জেলার হাটগোপালপুর পৌঁছালে তার অবস্থার অবনতি হয়। সেখান থেকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
নিহতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় সংবাদকর্মী রাসেল হোসেন মুন্না বলেন, ‘নিহত রোহানের বাড়ির পাশেই আমার বাড়ি। সে টিকটক, ছবি তোলার জন্য প্রায়ই ট্রেনযোগে চুয়াডাঙ্গায় যাতায়াত করতো। সোমবার ট্রেনে করে বাড়ি ফেরার পথে ছবি তুলছিল। এসময় তার হাত ট্রাফিক সিগন্যাগে লেগে পড়ে যায়।’
তিনি আরও বলেন, ‘তার মা প্রাবাসী। বাবা সিএনজি চালক। বাবার সঙ্গেই থাকতো রোহান।’
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহব্বুর রহমান বলেন, ‘চলন্ত ট্রেনে রেলের ট্রাফিক সিগন্যালে হাত বেঁধে পড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়। রাতে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



