দিঘীর শহর হিসেবে পরিচিত সিলেট থেকে একে একে হারিয়ে যাচ্ছে সব দিঘি।
এই তালিকায় ছিল বন্দরবাজার এলাকার ধোপাদিঘীও। দখলে ও দূষণে বিলীন হয়ে যাচ্ছিল এটি।
সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে প্রায় হারিয়ে যেতে বসা এই দিঘি পেয়েছে নান্দনিক রূপ।

‘ধোপাদিঘী এরিয়া ফর বেটার এনভায়রনমেন্ট অ্যান্ড বিউটিফিকেশন’ প্রকল্পের আওতায় ভারত সরকারের অর্থায়নে প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে দিঘি উদ্ধার করে চারপাশে করা হয়েছে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে। নির্মাণ করা হয়েছে দুটি ঘাট। সেই সঙ্গে করা হয়েছে আলোকসজ্জা।
সৌন্দর্যবর্ধনের কাজ শেষে শনিবার দুপুরে এর উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘সরকারের ধারাবাহিক ও সমতার উন্নয়নে সিলেট সিটি করপোরেশন যথাযথ ভূমিকা রাখছে। সময়মতো প্রকল্প বাস্তবায়ন, দূরদর্শী ও টেকসই উন্নয়ন পরিকল্পনা নেয়ায় সিলেট মহানগরবাসী নানা সুবিধা পাচ্ছে।
‘সরকার উন্নয়ন অগ্রযাত্রায় রাজনৈতিক বিবেচনা করে না। সারা দেশে সমতা ও অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন ধারাবাহিকতা চলমান।’
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেটের রাস্তাঘাট মেরামতে বিশেষ সহযোগিতার আশ্বাস দেন মন্ত্রী।
সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী ও স্থানীয় সরকার বিভাগের সচিব মিসবাহ উদ্দিন চৌধুরী।
উদ্বোধনের পর সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয় দিঘিটি। বিকেল থেকে এখানে ঘুরতে আসেন নানা শ্রেণির মানুষ।
ঘুরতে এসে নগরের যতরপুর এলাকার সায়মা হক বলেন, ‘চারদিক দখল হয়ে যাওয়ায় এখানে যে এত বড় একটা দিঘি ছিল তা দেখাই যেত না। সেই সঙ্গে এটা পরিণত হয়েছিল ময়লা-আবর্জনার ভাগাড়ে।
‘এই দিঘী উদ্ধার করে ওয়াকওয়ে বানানোয় এখন নগরবাসী হাঁটার ও ঘোরার সুযোগ পাবে। ওয়াকওয়ের জন্য কেউ আর পাশ থেকে দখলও করতে পারবে না।’
সিটি করপোরেশন জানায়, ২০১৮ সালের ২৩ এপ্রিল সিটি করপোরেশনের প্রকৌশল শাখা এই প্রকল্পের পরিকল্পনা করে। আগে দিঘীর জায়গা ছিল ৩ দশমিক ৪১ একর। চারপাশের দখল হওয়া জায়গা উদ্ধারের পর এখন এর সীমানা হয়েছে ৩ দশমিক ৭৫ একর।

জায়গা উদ্ধারের পর ২০২০ সালের ফেব্রুয়ারিতে শুরু হয় ধোপাদিঘির সৌন্দর্যবর্ধনের কাজ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



