শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব সমুদ্র দিবস পালন করা হয়েছে। বুধবার (৮ জুন) বিকালে বিশ্ববিদ্যালয়ের ওশেনোগ্রাফি (সমুদ্রবিজ্ঞান) সোসাইটি কর্তৃক ভার্চুয়ালি এক সেমিনারের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ওই সোসাইটির সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন। সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ওশেনোগ্রাফি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ড. সুব্রত সরকারসহ অন্য শিক্ষকরা। উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষার্থীরা।
শাহাদাত জানান, প্রতি বছরের মতো এবারও ৮ জুন বিশ্ব সমুদ্র দিবস উদযাপন করা হয়েছে। সমুদ্রের উপর মানুষের প্রভাব সম্পর্কে জনসাধারণকে অবহিত করা এবং সমুদ্রের টেকসই ব্যবস্থাপনার জন্য বিশ্বের জনশক্তিকে একত্র করাই হলো এই দিবসটির উদ্দেশ্য। তারই ধারাবাহিকতায় তাদের বিভাগের ওশেনোগ্রাফি সোসাইটির পক্ষ থেকে দিবসটি উদযাপন করার জন্য প্রথমবারের মতো একটি অনলাইন সেমিনারের আয়োজন করা হয় ।
অনুষ্ঠানের সার্বিক বিষয়ে তিনি বলেন, সেমিনারের মূল বিষয়বস্তু ছিলো এই বছরের বিশ্ব সমুদ্র দিবসের থিম ‘রিভাইটালাইজেশন: কালেক্টিভ অ্যাকশন ফর দ্য ওশেন’ (Revitalisation: Collective Action for the Ocean)। এতে সমুদ্র সম্পর্কে সবার সচেতনতা বৃদ্ধি ও একটি নতুন পরিবেশগত ভারসাম্য গড়ে তোলার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। কীভাবে সবার ‘ক্ষুদ্র ও সমন্বিত উদ্যোগ আমাদের সমুদ্রকে রক্ষা করতে পারে এ বিষয়েও বক্তারা তাদের আলোচনায় এই দিকটি আলোকপাত করেন বলে ওই শিক্ষার্থী জানান।
উল্লখ্য, ওশেনোগ্রাফি সোসাইটি ২০১৮ সাল থেকে সমুদ্র নিয়ে মানুষের সচেতনতা বাড়াতে এবং দক্ষ সমুদ্রবিজ্ঞানী তৈরিতে কাজ করে চলেছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



