চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে এক পুলিশ সদস্যের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ছাড়া আরো আট পুশিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে ৭ জন শিল্প পুলিশ এবং ২ জন সীতাকুণ্ড থানার। আর আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের কমপক্ষে ২১ জন কর্মী।
শনিবার (৪ জুর) রাত ১০টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ বিস্ফোরণে ঘটনাস্থল থেকে অন্তত চার কিলোমিটার এলাকা কেঁপে ওঠে। আশপাশের বাড়ি–ঘরের জানালার কাঁচ ভেঙে গেছে।
বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘বিস্ফোরণে সীতাকুণ্ড পুলিশের কনস্টেবল তুহিনের পায়ের গোড়ালি বিচ্ছিন হয়ে গেছে। তাকে চট্টগ্রাম মেডিক্যালে পাঠানো হয়েছে। তিনি ছাড়াও আরো ৮ পুলিশ সদস্য আহত হয়েছেন।’
আহত ওই পুলিশ সদস্যের উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে নেয়া হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস এম রাশিদুল হক।
ফায়ার সার্ভিসের উপপরিচালক আনিসুর রহমান বলেন, ‘আগুন লাগার খবরে প্রথমে সাড়া দেয় আমাদের কুমিরা স্টেশনের সদস্যরা। কিন্তু বিস্ফোরণের ফলে ৯ জন আহত হন৷ তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
সীতাকুণ্ডের ভাটিয়ারী কনটেইনার ডিপোতে আগুন লেগে এরই মধ্যে চার জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ শুরু করেছিল। পরে আশেপাশের জেলা থেকে মোট ২৫টি ইউনিট যোগ দেয়। তবে কনটেইনার ডিপোতে কোনো পানির উৎস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপপরিচালক আনিসুর রহমান।
আগুনে বেশ হতাহতের আশঙ্কা করছে ফায়ার সার্ভিস ও পুলিশ। এরই মধ্যে তিন শতাধিক আহতকে বিভিন্ন মেডিক্যালে ভর্তি করা হয়েছে। দগ্ধদের চিকিৎসায় সব ডাক্তারকে হাসপাতালে আসার আহ্বান জানিয়েছেন সিভিল সার্জন।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



