গোয়াইনঘাটের জাফলং সীমান্তে নিহত যুবক মো. কবির হোসেনের লাশ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার পশ্চিম জাফলং সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে এই লাশ হস্তান্তর করা হয়।
নিহত কবির হোসেন (৩২) পশ্চিম জাফলং ইউনিয়নের চম্পকনগর গ্রামের আব্দুল করিমের ছেলে।
৪৮ বিজিবি’র কমান্ডিং অফিসার(সিও) লাশ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসী কর্মকান্ডের কারণে ঘটনাটি ঘটে থাকতে পারে মর্মে তারা ধারণা করছে। বিষয়টি পুলিশ তদন্ত করছে। কবির খাসিয়াদের গুলিতে নিহত হবার বিষয়টি তিনি শুনেছেন বলে জানান তিনি।
পুলিশসহ স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ মে বিকাল সাড়ে ৫টার দিকে গ্রামের সেলিম মিয়া ও কামিল মিয়ার সাথে মিলে মায়াবতী ঝর্নার পাশ দিয়ে ভারতীয় সীমানার ভেতর মায়াবতী এলাকায় ঢুকে পড়েন কবির হোসেন। এর মিনিট দশেক পরে ভারতীয় খাসিয়ারা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। ওই সময় সেলিম ও কামিল দৌড়ে বাংলাদেশ সীমান্তে চলে আসেন। কিন্তু কবির হোসেন আসতে পারেননি।
২৬ মে দুপুরে মায়াবতী ঝর্নার পাশে কবির হোসেনের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি গোয়াইনঘাট থানা পুলিশকে জানান স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন।
লাশ ভারতের অংশে এলাকায় থাকায় বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে বিজিবি। এরই প্রেক্ষিতে শনিবার সকালে লাশ হস্তান্তর করে বিএসএফ।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



