হযরত শাহজালাল (রহ.) এর লাকড়ি তোড়া উৎসব আজ শনিবার অনুষ্ঠিত হবে । প্রতি বছর হযরত শাহজালাল (রহ.) এর দরগাহ প্রাঙ্গণে হাজারো ভক্ত-আশেকান জড়ো হয়ে এই লাকড়ি তোড়া উৎসবে অংশ নেন।
শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা ও আভিজাত্যের গৌরব ধ্বংসের শিক্ষা নিয়ে প্রায় ৭শ’ বছর ধরে সিলেটে এ উৎসব উদযাপন করা হয়। সুফি সাধক হযরত শাহজালাল (রহ.) এর স্মৃতি বিজড়িত এ উৎসব হিজরি বর্ষের ২৬ শে শাওয়াল পালন করা হয়।
এ উৎসব উপলক্ষে দরগা-ই-হযরত শাজালাল প্রাঙ্গণ থেকে জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে হাজার হাজার শাহজালাল ভক্তের বর্ণাঢ্য মিছিল লাক্কাতোড়া চা বাগানের নির্দিষ্ট পাহাড়ের দিকে ছুটে যায়। সেখান থেকে সংগ্রহ করা হয় লাকড়ি। সেই লাকড়ি কাঁধে নিয়ে পুনরায় মিছিল নিয়ে দরগা প্রাঙ্গণে ফিরে আসা হয়। যা এ উৎসবের ২১ দিন পর অনুষ্ঠিতব্য হযরত শাহজালাল (রহ)-এর বার্ষিক ঊরশ শরীফের শিরনী রান্নায় ব্যবহার করা হয়।
ইতিহাস থেকে জানা যায়, প্রায় ৭০০ বছর আগে সিলেট বিজয় দিবসের কয়েক দিন আগে ২৬ শাওয়ালের এই দিনে এক কাঠুরে আসেন হযরত শাহজালালের (রহ.) কাছে। কাঠুরে জানান, ঘরে তার বিবাহযোগ্য ৫ মেয়ে রয়েছে। সে কাঠুরে নিচু জাতের হওয়ায় কেউই তার মেয়েদের বিয়ে করতে চাইছে না। এ কথা শুনে শাহজালাল (রহ.) কাঠুরেকে সিলেট বিজয় দিবসে দরগায় আসার কথা বলেন।
পরবর্তী সিলেট বিজয় দিবসে সঙ্গী আউলিয়া, ভক্ত ও আশেকানরা এলে শাহজালাল (রহ.) সবাইকে নিয়ে লাক্কাতোড়া বাগানে গিয়ে কাঠ সংগ্রহ করেন। ফিরে এসে তিনি উপস্থিত ভক্তদের কাছে জানতে চান তারা আজ কী কাজ করেছে। উত্তরে সবাই বলেন, তারা আজ কাঠুরিয়ার কাজ করেছে। এরপর শাহজালাল(রঃ) সবাইকে কাঠুরের দুঃখের কথা বললে উপস্থিত অনেক ভক্ত কাঠুরের মেয়েদের বিয়ে করার আগ্রহ প্রকাশ করেন। সেখান থেকে কাঠুরে তার মেয়েদের জন্য বর পছন্দ করেন। এ ঘটনার পর থেকে সাম্য ও শ্রেণি বৈষম্যবিরোধী দিবস হিসেবেও দিনটি পালন করেন ভক্তরা।
এদিকে, লাকড়ি তোড়া উৎসব উপলক্ষে বাংলাদেশ হযরত শাহ জালাল (রহ.) ও ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সংগঠনের সভাপতি ও দরগাহ-ই-হযরত শাহজালাল (রহ.) এর মোতাওয়াল্লী সরেকওম ফতেহ উল্লাহ আল আমান, মাজারের সেক্রেটারি সামুন মাহমুদ খান ও সাধারণ সম্পাদক আলহাজ শেখ মো.মকন মিয়া কর্মসূচি সফল করতে সকলের প্রতি আহবান জানিয়েছেন।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



