ঢাকা টেস্টে বাংলাদেশের ৩৬৫ রানের জবাব দিতে নেমে চমৎকার শুরু এনে দেন দুই লঙ্কান ওপেনার। দ্বিতীয় দিন শেষে লঙ্কানদের সংগ্রহ ২ উইকেটে ১৪৩ রান। শেষ বেলায় সাকিব আল হাসান আউট করেছেন কুশল মেন্ডিসকে। ৪৯ বলে ১১ রান করা মেন্ডিসকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন সাকিব। অধিনায়ক দিমুথ করণারত্নে ৭০ রানে অপরাজিত আছেন। আগামীকাল তৃতীয় দিনে নতুন সঙ্গী নিয়ে মাঠে নামবেন তিন। বাংলাদেশের চেয়ে এখনও ২২২ রানে পিছিয়ে রয়েছে লঙ্কানরা।
ওশাদাকে ফিরিয়ে ব্রেকথ্রু এনে দিলেন ইবাদত
২২ ওভারে বিনা উইকেটে ৮৪ রান নিয়ে চা বিরতিতে যায় শ্রীলঙ্কা। তৃতীয় সেশনের শুরুতে ব্রেকথ্রু এনে দিলেন পেসার ইবাদত হোসেন। ৫৭ রান করা ওশাদা ফার্নান্দোকে সাজঘরে ফেরান তিনি
দলীয় ৯৫ রানে প্রথম উইকেটের পতন হয় লঙ্কানদের।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ২৯ ওভারে ১ উইকেটে ১০৬ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। কুশল মেন্ডিস ২ ও দিমুথ করুণারত্নে ৪৪ রানে ক্রিজে আছেন। বাংলাদেশের চেয়ে এখনও ২৫৯ রানে পিছিয়ে লঙ্কানরা।
ব্যাটিংয়ে শ্রীলঙ্কা
বাংলাদেশের দেয়া ৩৬৫ রানের তাড়ায় ব্যাটিংয়ে নেমেছে শ্রীলঙ্কা। ৪.৩ ওভার শেষে বিনা উইকেটে সফরকারীদের সংগ্রহ ১২ রান।
ওশাদা ফার্নান্দো ১৯ বলে ১১ রান এবং অধিনায়ক দিমুথ করুনারত্নে ৮ বলে ১ রান নিয়ে ক্রিজে রয়েছেন।
মুশফিকের ১৭৫ রানে বাংলাদেশের সংগ্রহ ৩৬৫ রান
লিটন দাস ১৪১ রানে আউট হওয়ার পর ক্রিজে নামেন মোসাদ্দেক হোসেন সৈকত। তবে ডান হাতি ব্যাটার ডাক মেরে হতাশ করেন। এরপর আর কেউ ক্রিজে টিকতে পারেননি বেশিক্ষণ। না পারারই কথা, সবাই যে পুরোদস্তুর বোলার।
তাইজুল ইসলাম ৩৭ বলে ১৫ রান করার পর খালেদ আহমেদ ও এবাদত হোসেন ফেরেন শূন্য হাতে। আসা যাওয়ার খেলায় অপরাজিত ছিলেন মুশফিকুর রহীম। মিস্টার ডিপেন্ডেবলের জাদুকরী ১৭৫ রানের ইনিংসে ৩৬৫ রানে শেষ হয় টাইগারদের প্রথম ইনিংস।
প্রথম সেশনে বাংলাদেশের সংগ্রহ ৩৬১/৯
নবম উইকেটে ব্যাটিংয়ে নেমেছেন ইবাদত হোসেন। ১৬ বল খেলে এখনো রানের খাতা খুলতে না পারলেও মুশফিককে সঙ্গটা দিচ্ছেন যুতসই। মুশফিক ১৭১ রানে রয়েছেন ক্রিজে। দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেট হারিয়ে ৩৬১ রান।
৩০০ পেরোলো বাংলাদেশ
শুরুর ব্যাটিং ধ্বসে মনে হয়েছিল ১০০ রানের আগেই গুটিয়ে যাবে বাংলাদেশের প্রথম ইনিংস। কিন্তু লিটন কুমার দাস এবং মুশফিকুর রহীম তা হতে দেননি। দুই ব্যাটারের জাদুকরি ২৭২ রানের জুটিতে বড় হয়েছে টাইগারদের ইনিংস। লিটন সাজঘরে ফেরত গেলেও ক্রিজে রয়েছেন মুশফিক। আর এরইমধ্যে বাংলাদেশ পেরিয়েছে ৩০০ রানের গণ্ডি।
৯৭ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩০৩ রান। ২৭৯ বলে ১৩১ রান নিয়ে ক্রিজে রয়েছেন মুশফিক। ১৮ বলে ২ রান স্পিনার তাইজুল ইসলামের।
১৪১ রানে আউট লিটন, মোসাদ্দেকের ডাক
টিম টাইগার্সের ব্যাটিং ধ্বস সামলে মুশফিকুর রহীমের সঙ্গে প্রতিরোধ গড়ে তোলেন লিটন দাস। মুশফিক ধীরেসুস্থে ব্যাটিং করলেও লিটন ছিলেন কিছুটা মারকুটে। তবে দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে নেমে ইনিংস বেশিদূর এগিয়ে নিতে পারেননি লিটন। কাসুন রাজিথার বলে আউট হন ব্যক্তিগত ১৪১ রানে। লিটন ফেরার পর লঙ্কান পেসারের শিকার মোসাদ্দেক হোসেন সৈকত। ৩ বল খেলে উইকেট রক্ষক ডিকভেলার তালুবন্দি হওয়ার আগে রানের খাতা খুলতে পারেননি এই ডান হাতি ব্যাটার।
ঢাকা টেস্টে বাংলাদেশের শুরুটা হয় যাচ্ছেতাই। ৭ ওভারেই নেই ৫ উইকেট। খাদের কিনারায় থাকা দলকে টেনে তোলেন মুশফিকুর রহীম ও লিটন দাস। দুই ব্যাটারের জাদুকরি সেঞ্চুরিতে ইনিংস লম্বা করছে বাংলাদেশ।
টসে জিতে ব্যাট করতে নেমে ২৪ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। ডাক মারেন মাহমুদুল হাসান জয়, তামিম ইকবাল ও সাকিব আল হাসান। নাজমুল হাসান শান্তর ৮ রানের পর অধিনায়ক মুমিনুল হক ফেরেন ৯ রানে। এরপর মুশফিক-লিটন বিপদ সামলে গড়ে তোলেন প্রতিরোধ । দুই ব্যাটার মিলে গড়েন ২৫৩ রানের জুটি।
মুশফিক ২৫২ বলে ১১৫ এবং লিটন ২২১ বলে ১৩৫ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



