‘বঙ্গবন্ধু কেমিক্যাল মেট্রোলজি অলিম্পিয়াড ২০২২’ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ বিন মুরাদ (রিফাত)।
শনিবার (২১ মে) বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টসের মিলনায়তনে এই প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানের ব্যাপক চর্চার সাথে বিশেষত রাসায়নিক পরিমাপ বিষয়ে প্রতিযোগিতা ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস (বিআরআইসিএম) দেশব্যপী স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে “বঙ্গবন্ধু কেমিক্যাল মেট্রোলজি অলিম্পিয়াড ২০২২” আয়োজন করে।
প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের জয়ত্রী সরকার ও একই বিভাগের অনিক মজুমদার।
প্রতিযোগিতা সম্পর্কে রিফাতের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ” আমি প্রথম এই প্রতিযোগিতা সম্পর্কে জানতে পারি আমার ডিপার্টমেন্টের মাধ্যমে। এরপর প্রথম ও দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়ে ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করি। ফাইনাল রাউন্ডের পরীক্ষা পদ্ধতি খুবই চমৎকার ছিল। আমাদেরকে অনেকগুলো ল্যাব পরিদর্শন করানো হয় এবং বিভিন্ন এক্সপেরিমেন্ট ও ইকুইপমেন্টের সাথে পরিচয় করানো হয়। সিইপিতে অধ্যয়ন করা কিছু কোর্স এবং ল্যাব আমাকে এই প্রতিযোগিতায় কিছুটা হলেও সহযোগিতা করে। মূলত বিজ্ঞানের সকল শাখার সাথে মেট্রোলজি ওতপ্রোতভাবে জড়িত। এজন্য মেজারমেন্ট রিলেটেড বিভিন্ন ইকুইপমেন্ট এর সাথে পরিচিত থাকা এবং বাস্তব জীবনে নির্ভুল মেজারমেন্টের গুরুত্ব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে এই ধরনের প্রতিযোগিতার গুরুত্ব অনেক বেশি।”
উল্লেখ্য, প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে চূড়ান্ত পর্বে তিনটি গ্রুপ থেকে তিনজন করে নির্বাচিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের যথাক্রমে একটি করে ল্যাপটপ, ট্যাব ও ই-বুক রিডার প্রদান করা হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



