মৌলভীবাজার জেলা শহরে তিনতলা একটি ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। এলাকার রাস্তা সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে যেতে পারেনি। অনেক সময় ব্যয় করে পরে সেচ পাম্প দিয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।
বুধবার দুপুরে শহরের টিবি হাসপাতাল রোডে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লেগে একটি ভবনের একটি ফ্লোরের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। আগুনে মালামাল পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে তিন লাখ টাকার।
জানা যায়, টিবি হাসপাতাল রোডের ফাটাবিল সংলগ্ন এলাকাটি খুবই সরু থাকায় সেখান দিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে পারেনি। আগুন লাগা ভবনের পাশে একটি ডোবা থাকায়, ফায়ার সার্ভিসের সঙ্গে থাকা সেচ মেশিন দিয়ে পানির ব্যবস্থা করা হয়। সময় মতো ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছতে পারলে আগুন সহজে নেভানো যেতো, ক্ষয়ক্ষতির পরিমাণ কম হতো।
মৌলভীবাজার ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো আব্দুল্লাহ হারুন পাশা জানান, আগুন লাগার খবর পেয়ে আমরা গাড়ি নিয়ে ছুটে আসি, কিন্তু এসে দেখি রাস্তা সরু কোনোভাবে গাড়ি ঢুকবে না। পরে আমাদের সেচ পাম্প দিয়ে অধিক সময়ের বিনিময়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এই রাস্তাগুলো জরুরি ভিত্তিতে প্রসারিত করা প্রয়োজন, না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে পৌর কাউন্সিল পার্থসারথী পাল জানান, পৌর মেয়রসহ টিবি হাসপাতাল এলাকার লিঙ্ক রোডটি ১৪ ফুট প্রশস্ত করার জন্য এলাকাবাসীর মতামতের ভিত্তিতে গত মাসে সিদ্ধান্ত নেয়া হয়। কয়েকদিন আগে পৌর কর্তৃপক্ষ রাস্তার পাশের স্থাপনা উচ্ছেদ করতে গেলে কয়েকজন এলাকাবাসী আপত্তির প্রেক্ষিতে রাস্তা প্রশস্তকরণ বন্ধ রাখা হয়।
এ বিষয়ে মৌলভীবাজার পৌরসভার মেয়র মো ফজলুর রহমান জানান, শহরের প্রায় ৯৯ শতাংশ পাড়া মহল্লার রাস্তা প্রসস্ত করেছি, যাতায়াতের সুবিধা ও ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স প্রবেশের জন্য। কিন্তু কিছু কিছু এলাকায় গুটি কয়েক এলাকাবাসীর জন্য বাধাগ্রস্ত হয়। আজকের ঘটনাটি অনেক বড় হতে পারতো। রাস্তা বড় থাকলে আগুনে পুড়ে ক্ষয়ক্ষতি কম হতো।
আমরা আবারো এলাকাবাসীর সঙ্গে বসবো, সমঝোতার ভিত্তিতে ১৪ ফুট প্রশস্ত রাস্তা করার জন্য।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



