চলতি মাসে সুনামগঞ্জের তিনটি উপজেলায় আওয়ামী লীগের সম্মেলন হওয়ার কথা ছিল। এর মধ্যে জেলাটিতে বন্যা দেখা দেওয়ায় সম্মেলনগুলো সাময়িক স্থগিত করা হয়েছে। বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুকে বিষয়টি জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল কবির।
২৫ মে তাহিরপুর, ২৬ মে দোয়ারাবাজার ও ২৮ মে ছাতক উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। বর্তমানে তিনটি উপজেলাই বন্যাকবলিত। বেশি কবলিত ছাতক ও দোয়ারাবাজার উপজেলা। এসব উপজেলার অন্তত ১০ হাজার মানুষ পানিবন্দী হয়ে আছে।
এনামুল কবির তাঁর পোস্টে লিখেছেন, গত কয়েক দিনের পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে সুনামগঞ্জ জেলার অধিকাংশ এলাকা বন্যাকবলিত। এ অবস্থায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক টিম) সঙ্গে পরামর্শক্রমে আগামী ২৫, ২৬ ও ২৭ তারিখের উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। সেই সঙ্গে দলীয় নেতা-কর্মীদের বন্যাকবলিত মানুষের পাশে থেকে সর্বাত্মক সহাযোগিতার আহ্বান জানান তিনি।
বিষয়টি এনামুল কবির বলেন, ‘সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি বিবেচনায় কেন্দ্রীয় নেতাদের সঙ্গে পরামর্শ করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতির উন্নতি হলে দ্রুত এসব উপজেলায় সম্মেলনের তারিখ ঘোষণা করা হবে। এখন আমরা বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে চাই।’
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



