খুলনায় তিন ব্যবসায়ীর গুদাম থেকে দুই লাখ ৩৬ হাজার ৬৪০ লিটার ভোজ্যতেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। অবৈধভাবে তেল মজুত রাখায় তিন ব্যবসায়ীকে এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে খুলনার বড় বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করে র্যাব ও জেলা প্রশাসন। উদ্ধার করা তেলের মধ্যে ৭৩ হাজার ৩২ লিটার সয়াবিন ও এক লাখ ৬৩ হাজার ৬০৮ লিটার পাম তেল রয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক বলেন, অভিযানে তিন প্রতিষ্ঠানে অতিরিক্ত ৭২ মেট্রিক টন সয়াবিন তেল পাওয়া যাওয়ায় এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে সোনালী এন্টারপ্রাইজে ২৬ হাজার ৭৮০ লিটার সয়াবিন ও ৩১ হাজার ৮০০ লিটার পাম তেল মজুত পাওয়া যায়। এর দায়ে প্রতিষ্ঠানটির মালিক প্রদীপ সাহাকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।
সাহা ট্রেডার্সে ৩১ হাজার ৬০০ লিটার সয়াবিন ও ৬৩ হাজার ৩০০ লিটার পাম তেল মজুত পাওয়া যায়। এর দায়ে প্রতিষ্ঠানটির মালিক দিলিপ কুমার সাহাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া রণজিত বিশ্বাস অ্যান্ড সন্সে ৯ হাজার ৫৮০ লিটার সয়াবিন ও ৫৯ হাজার ৫৬০ লিটার তেল মজুত পাওয়া যায়। এর দায়ে প্রতিষ্ঠানটির মালিক অজিত বিশ্বাসকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
র্যাব-৬ এর এসপি আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ সময় তিনটি প্রতিষ্ঠানে ৭৩ হাজার ৩২ লিটার সয়াবিন ও এক লাখ ৬৩ হাজার ৬০৮ লিটার পাম তেল মজুতের প্রমাণ মিলেছে। এ কারণে তিন প্রতিষ্ঠানকে এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরো বলেন, সরকারি নিয়মনীতি উপেক্ষা করে খুলনার ব্যবসায়ীরা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছেন। তাই ভবিষ্যতে এ সংকট যেন তৈরি করতে না পারে, তাই তাদের জরিমানা করা হয়েছে। তবে জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



