সাবেক সফল অর্থমন্ত্রী, খ্যাতনামা অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, লেখক এবং ভাষাসৈনিক সিলেটের কৃতি সন্তান আবুল মাল আবদুল মুহিতকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষের ঢল। একই সঙ্গে রাজনৈতিক ব্যক্তি, বিশিষ্টজন, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা তাকে শেষ শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে জড়ো হয়েছেন।
রোববার (১লা মে) দুপুর ১২টায় নগরের ধোপাদিঘীর পাড় হাফিজ কমপ্লেক্সের বাসা থেকে নগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয়। এ সময় তার ভাই ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানোর পর দুপুর ২টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে তাঁর নামাজে জানাজা শেষে নগরীর রায়নগর পারিবারিক কবরস্থানে নেওয়া হবে। সেখানে তার বাবা প্রয়াত অ্যাডভোকেট আবু আহমদ আব্দুল হাফিজ এবং মা সৈয়দ শাহার বানু চৌধুরীর কবরের পাশে তাকে সমাহিত করা হবে।
এর আগে, শনিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা থেকে মুহিতের মরদেহ বহনকারী ফ্রিজার ভ্যান সিলেটের পথে রওয়ানা হয়ে রাত ৯টা ৫০ মিনিটের দিকে নগরের হাফিজ কমপ্লেক্সে এসে পৌঁছায়। সেখানে মরদেহ গ্রহণ করেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা।
উল্লেখ্য-শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন দেশের সাবেক ও সফল অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। শনিবার সকাল ১১টায় ঢাকায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি গত ১৪ মার্চ সর্বশেষ সিলেটে এসেছিলেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



