সুপার সিক্সে এসে তারকার মিলনমেলা বসেছে ডিপিএলে। জাতীয় দলের ব্যস্ততা না থাকায় সিনিয়র সব তারকাই এখন ডিপিএল নিয়ে ব্যস্ত আছেন।
চলতি ডিপিএলে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের খেলার কথা ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফর শেষ করার আগেই বাদ পড়ে গেছে ঐতিহ্যবাহী ক্লাবটি। এবার তাই মাঠে নেমেছেন মাশরাফী বিন মোর্ত্তজার লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে।
সুপার সিক্সের ম্যাচে তামিম ইকবালের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাশরাফীদের ম্যাচটি বিকেএসপিতে হচ্ছে। যদিও বৃহস্পতিবার (২১ এপ্রিল) যথা সময়ে ম্যাচটি মাঠে গড়ায়নি। তবে খেলা শুরু হতেই সাকিব-মাশরাফীর শুরুর বোলিং তোপে স্কোরবোর্ডে ৬৫ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলেছে প্রাইম ব্যাংক।
মাশরাফী শিকার করেছেন ২টি উইকেট, এছাড়া সাকিব তুলে নিয়েছেন বিগফিশ তামিম ইকবালকে। এদিকে, প্রাইম ব্যাংকের টপ অর্ডারের ব্যর্থতার দিনে ব্যাট হাতে আবারও বড় ইনিংস খেলার পথে এনামুল হক বিজয়। এরই মধ্যে ৪৭ বলে ৪০ রান করে ফেলেছেন।
চলমান ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাব চুক্তি করেছিল সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী মিরাজদের সঙ্গে। জাতীয় দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট ও ওয়ানডে দলে থাকায় একমাত্র মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়া কাউকেই দলে পায়নি মোহামেডান। সুপার সিক্সে উঠতে ব্যর্থ মোহামেডান ছেড়ে দিয়েছে জাতীয় দলের এই তারকাদের। মুশফিক-মিরাজ এরই মধ্যে শেখ জামালের হয়ে মাঠে নামলেও সাকিব ছিলেন যুক্তরাষ্ট্রে। বুধবার (২০ এপ্রিল) সকালে দেশে ফেরেন সাকিব।
দেশে ফিরে সাকিব সাংবাদিকদের জানান তিনি শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি নিতেই ডিপিএলের ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছেন। সাকিব বলেন, ‘যেহেতু একটা অপরচুনিটি আছে খেলার স্পেশালি সামনে যখন শ্রীলঙ্কা সিরিজটাও আছে, সো, এখন যদি কয়েকটা ম্যাচ খেলতে পারি আমার জন্য প্রিপারেশনটা ভালো হবে। যেহেতু বেশ অনেকদিনের একটা গ্যাপ। প্রায় এক মাসের একটা গ্যাপ হয়ে গেল যে ক্রিকেট খেলি না, সো, যদি এ চারটা ম্যাচ খেলতে পারি খেলার ভেতরে আসার একটা সুযোগ হলো। সে জন্যই আরকি সুযোগটা নেওয়া।’
এ সময়ে সাকিবকে জিজ্ঞাসা করা হয়, তিনি তবে শ্রীলঙ্কা সিরিজে খেলছেন কি না। এমন প্রশ্নে মৃদু হাসলেন সাকিব। এমন প্রশ্নে যেন অবাকই হলেন কিছুটা এই বিশ্বসেরা অলরাউন্ডার। টেস্ট খেলা না খেলার প্রশ্নে জানালেন, তিনি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলছেন।
এ সময়ে সাকিব বলেন, ‘হ্যাঁ, এটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ ছিল বলে তো আমার মনে হয় না। যদি কোনো ইমার্জেন্সি থাকত তবে সেটা অন্য জিনিস, কিন্তু এখানে অবশ্যই খেলব।’
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



