সিলেটসহ দেশের ৬১ জেলা পরিষদের মেয়াদোত্তীর্ণ হওয়ায় পরিষদগুলো বিলুপ্ত করেছে সরকার। এসব জেলা পরিষদে প্রশাসক নিয়োগের আগ পর্যন্ত প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার জন্য পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার রাতে স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
৬১টি-এর মধ্যে সিলেট জেলা পরিষদও বিলুপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ। তিনি রবিবার (১৭ এপ্রিল) রাতে বলেন, নিয়ম অনুযায়ী নতুন প্রশাসক নিয়োগ দেওয়ার আগ পর্যন্ত প্রধান নির্বাহী কর্মকর্তাকেই দায়িত্ব পালন করতে হয়।
জেলা পরিষদ আইন সংশোধন করে পরিষদের মেয়াদোত্তীর্ণের পর প্রশাসক বসানোর সুযোগ সৃষ্টি করে সরকার। সব ধাপ শেষ করে সংশোধিত জেলা পরিষদ আইনের গেজেট গত ১৩ এপ্রিল প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জেলা পরিষদ আইন-২০০০ এর ধারা ৫ অনুযায়ী জেলা পরিষদ (সংশোধন) আইন-২০২২ অনুযায়ী সংশোধিত দেশের ৬১টি জেলা পরিষদের মেয়াদ প্রথম সভার তারিখ হতে পাঁচ বছর উত্তীর্ণ হওয়ায় পরিষদসমূহ বিলুপ্ত করা হয়েছে। জেলা পরিষদ আইন-২০০০ এর ধারা ৮২ অনুযায়ী সরকার কর্তৃক প্রশাসক নিয়োগের পূর্ব পর্যন্ত উক্ত আইনের ধারা ৭৫ এ প্রদত্ত ক্ষমতাবলে প্রত্যেক জেলা পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পরিচালনার জন্য প্রধান নির্বাহী কর্মকর্তা/ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তাদের দায়িত্ব অর্পণ করা হলো।
গত ৬ এপ্রিল মেয়াদ শেষ হলে জেলা পরিষদে প্রশাসক নিয়োগের বিধান যুক্ত করে ‘জেলা পরিষদ (সংশোধন) বিল-২০২২’ পাশ হয়েছে। জাতীয় সংসদে স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী মো. তাজুল ইসলাম বিলটি পাশের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাশ হয়। সংশোধিত আইন অনুযায়ী প্রশাসকের মেয়াদ ১৮০ দিনের বেশি হবে না। একই সঙ্গে একাধিকবার কেউ প্রশাসক থাকতে পারবেন না।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



