সরকার ঘোষিত কঠোর বিধি নিষেধের দ্বিতীয় দিনে সিলেট নগরে তল্লাসী অব্যাহত রেখেছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব-পুলিশ ও আনসার সদস্যরা। নগরী ও ১৩ উপজেলায় জেলা প্রশাসনের ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে পরিচালিত হয় ভ্রাম্যমান আদালত।
শুক্রবার (২ জুলাই) দিনভর ভ্রাম্যমান আদালতের অভিযানে লকডাউন ও স্বাস্থ্যবিধি না মানায় ব্যক্তি বিশেষ, বিভিন্ন প্রতিষ্ঠান ও যানবাহনে ১৮৭ মামলা দায়ের করা হয়। এর বিপরীতে ২ লাখ ২৫ হাজার ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
সিলেট জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (সাধারণ কভিড-১৯ মিডিয়া সেল) শাম্মা লাবিবা অর্ণব এ তথ্য নিশ্চিত করে বলেন, ভ্রাম্যমান আদালত পরিচালনার কাজে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বিক সহায়তা করেন সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আনসার ও বিজিবির সদস্যরা।
এরআগে বৃহস্পতিবার (০১ জুলাই) লকডাউনের প্রথম দিনে মহানগর ও সকল উপজেলায় ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। পাশাপাশি সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটও পৃথক অভিযান করে। প্রথম দিনের কঠোর লকডাউন অমান্য করায় ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠান এবং যানবাহনে ২২০ মামলার বিপরীতে ২ লাখ ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আটক করা হয়েছে বিভিন্ন ধরণের ১০৪টি গাড়ি।
শুক্রবার সকাল থেকে সিলেট নগরে গুড়ি গুড়ি বৃষ্টি ছিল। এমনিতে লকডাউনে কাবু নগর জীবন। তার উপর গুড়ি গুড়ি বৃষ্টি মানুষকে ঘর বন্দি রেখেছে। এদিন বৃষ্টি আর লকডাউনে কার্যত ফাঁকা ছিল সিলেটে। আইনশৃঙ্খলা বাহিনীর তদারকিও অনেকটা সহজ করে দেয় দিনভর হওয়া গুড়ি গুড়ি বৃষ্টি।তবে সকাল থেকে সেনাবাহিনী, বিজিবি, র্যাব-পুলিশ ও আনসার সদস্যরা মাঠে টহল দিতে দেখা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাসী চালিয়েছে। প্রয়োজন ব্যতিরেকে যারা ঘর থেকে বেরিয়েছেন, তাদের জরিমানার মুখোমুখি হতে হয়েছে। অনেককে গুনতে হয়েছে জরিমানা। একই দিন বিকেলে নগরের প্রবেশদ্বার হুমায়ন রশিদ চত্বরে বর ও কনে বহনকারী গাড়ি আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এরশাদ আলী তাদের ১০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন।
সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার আশরাফ উল্যাহ তাহের বলেন, দ্বিতীয় দিন লকডাউন বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট মাঠে তৎপর ছি। নগরের মোড়ে মোড়ে চৌকি বসিয়ে তল্লাসী চালিয়েছে সেনা ও পুলিশ সদস্যরা। মোট কথা সরকারি নির্দেশনা যারাই অমান্য করছেন, তাদের জরিমানার আওতায় আনা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



