বৃষ্টি যেনো লকডাউনের নিয়ামক হয়ে ধরা দিলো সিলেটে। আইনশৃঙ্খলা বাহিনীর তদারকিও অনেকটা সহজ করে দিয়েছে। শুক্রবার (০২ জুলাই) সকাল থেকে সিলেট নগরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এমনিতে লকডাউনে কাবু নগর জীবন। তার উপর গুড়ি গুড়ি বৃষ্টি যেনো মানুষকে ঘর বন্দি রাখতে চায়।
তবে সকাল থেকে সেনাবাহিনী, বিজিবি, র্যাব-পুলিশ ও আনসার সদস্যরা মাঠে টহল দিতে দেখা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাসী চালিয়েছে। প্রয়োজন ব্যতিরেকে যারা ঘর থেকে বেরিয়েছেন, তাদের জরিমানার মুখোমুখি হতে হয়েছে। তবে লকডাউনের দ্বিতীয় দিনে সেই সংখ্যা ছিল অতি নগন্য।
সরকার ঘোষিত কঠোর বিধি নিষেধের দ্বিতীয় দিন শুক্রবার (২ জুলাই) নগরী ও ১৩ উপজেলায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে টহল অব্যাহত রেখেছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব-পুলিশ ও আনসার সদস্যরা।
সরেজমিন দেখা গেছে, সিলেট নগরের প্রবেশদ্বার দক্ষিণ সুরমা, কুমারগাঁও, টিলাগড়, এয়ারপোর্ট সড়কসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে চৌকি বসিয়ে তল্লাসী করছে পুলিশ। জনগুরুত্বপূর্ণ যানবাহন ও রিকশা ব্যতিরেকে সব ধরণের যানবাহন চলতে দেওয়া হচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনীর জেরা ও জরিমানায় পড়ার ভয়ে জনমানব শূণ্য সড়ক।
অবশ্য প্রয়োজনের তাগিদে যানবাহন ছাড়াই কেউ কেউ এক স্থান থেকে অন্য স্থানে পায়ে হেটে চলতে দেখা গেছে। এছাড়াও অলিগলিতে ক্ষুদে চা দোকানীদের দ্বারে চা-পান, সিগারেটের জন্য নিম্ন আয়ের মানুষকে ভীড় করতে দেখা গেছে।
এরআগে বৃহস্পতিবার লকডাউনের প্রথম দিনে সিলেট মহানগর ও সকল উপজেলায় ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। পাশাপাশি সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটও পৃথক অভিযান করে। প্রথম দিনের কঠোর লকডাউন অমান্য করায় ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠান এবং যানবাহনে ২২০ মামলার বিপরীতে ২ লাখ ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আটক করা হয়েছে বিভিন্ন ধরণের ১০৪টি গাড়ি।
সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার আশরাফ উল্যাহ তাহের বলেন, দ্বিতীয় দিন লকডাউন বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট মাঠে টহল দিচ্ছে। নগরের মোড়ে মোড়ে চৌকি বসিয়ে তল্লাসী অব্যাহত রেখেছে পুলিশ। মোট কথা সরকারি নির্দেশনা যারাই অমান্য করছেন, তাদের জরিমানার আওতায় আনা হচ্ছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



