করোনাকালে বেকায়দায় পড়েছেন দেশে অবস্থানরত বিদেশ গমনেচ্ছুক প্রবাসীরা। পদে পদে বিড়ম্বনার শিকার হচ্ছেন তারা। কঠোর লকডাউনেও ভোগান্তি পোহাতে হচ্ছে সেইসব প্রবাসীদের।
বিশেষ করে শুক্রবার (২ জুলাই) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে প্রবাসীদের করোনা ভ্যাকসিন নিতে রেজিস্ট্রেশনের কথা।
কিন্তু সকাল থেকে প্রবাসীরা সিলেট নগরের শাহজালাল উপশহর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে ভীড় করেন। অফিসের প্রধান ফটক বন্ধ দেখে অনিশ্চয়তায় পড়েন দূর-দূরান্ত থেকে আগন্তক প্রবাসীরা। কর্মকর্তারা অফিস খোলেন অনেকটা দেরিতে প্রায় ১১ টার দিকে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভোগান্তিতে পড়া্ প্রবাসীরা।
জানা গেছে, বিদেশগামী কর্মীদের টিকার রেজিস্ট্রেশন করতে বিকাশের মাধ্যমে সংশ্লিষ্ট দফতরে ২০০ টাকা ফি দিতে হয়। সেই ফি প্রদান করে সহস্রাধিক প্রবাসীরা কঠোর লকডাউনের মধ্যেও করোনা ভ্যাকসিন পেতে রেজিস্ট্রেশনের জন্য এসেছেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে। কিন্তু সময়মতো কাজ শুরু না হওয়ায় তাদের ভোগান্তিতে পড়তে হয়।
সিলেটের সীমান্তবর্তী এলাকা কোম্পানীগঞ্জ ও জকিগঞ্জ থেকে আগত দুই বিদেশী যাত্রী নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা প্রবাসীরা যেনো মানুষের কাতারে পড়ি না। সকাল থেকে একটা অফিসে আসলেও মানুষ হিসেবে নুন্যতম মূল্যায়ন পাচ্ছি না। বিদেশে গিয়ে আমরাইতো রেমিটেন্স দেই। কিন্তু দেশে এসে আমাদের চেয়ে অসহায় কেউ থাকে না। সকাল ৯টায় রেজিস্ট্রেশন শুরুর কথা থাকলেও ১১টায়ও অফিস বন্ধ ছিল। নিজেদের নাম বললে আামদের ঝামেলায় পড়তে হবে। অনেকের ভিসার মেয়াদ শেষ হওয়ার পথে। এখন ভ্যাকসিন না নিলে বিদেশে যাওয়া দুস্কর হয়ে পড়ছে।
সরেজমিন দেখা গেছে, সরকারি ওই দফতরের প্রধান ফটকের কলাবসিব গেইট বন্ধ থাকায় বৃষ্টির মধ্যেও বাইরে ভীড় করেন প্রবাসীরা। গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজে অনেকে লাইনে দাঁড়িয়ে। অনেকে লাইনে না দাঁড়িয়ে ভীড় করছেন ফটকের ধারে। কঠোর লকডাউনে অনেকে আইনশৃঙ্খলা বাহিনীর জেরার মুখে পড়তে হয়েছে বলেও জানিয়েছেন। তবে তাদের প্রয়োজনের তাগিদটি আইনশৃঙ্খলা বাহিনীও গুরুত্ব বিবেচনা করে যানবাহনে আসতে দিয়েছে।
এ বিষয়ে সিলেট জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক মীর কামরুল হোসেন বলেন, আমরা যথাসময়েই অফিসে এসেছি। তবে নেটওয়ার্কের সমস্যার কারণে রেজিস্ট্রেশন কাজ শুরুতে দেরি হচ্ছিল।
তিনি বলেন, করোনার এই প্রতিকূল পরিস্থিতিতে বিদেশ গমনেচ্ছুক অসংখ্য প্রবাসীরা এসে কার্যালয়ের সামনে ভীড় করছেন। নিজেদের সুরক্ষায় তাদের সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ দিয়েছি। তাছাড়া কার্যালয়ে স্থান সঙ্কট থাকায় যে যার মতো তারা ফটকের বাইরে অপেক্ষা করতে হয়েছে। এ জন্য কলাবসিবল গেইট বন্ধ রেখেছি।
তিনি আরো বলেন, সৌদি ও দুবাইগামীদের ইংল্যান্ডের তৈরী করোনা ভ্যাকসিন নিতে হবে। অন্য দেশেরটা এ দুই দেশ গ্রহণ করে না।
উল্লেখ্য, বিদেশগামী কর্মীদের অগ্রাধিকার প্রাপ্তি ও বয়স প্রমার্জন করে টিকার জন্য সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশনের সুবিধার্থে শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হচ্ছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) রেজিস্ট্রেশন শুরু হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর নির্দেশে সিলেটসহ দেশের ৪২টি জনশক্তি অফিস, ৯টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং ১টি মেরিন টেকনোলজি ইনস্টিটিউটে অথবা ‘আমি প্রবাসী’অ্যাপে বিএমইটির এই রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে। প্রবাসী কর্মীদের কর্মস্থলে গমন নিরাপদ ও ঝুঁকিমুক্ত করতে বিদেশগামী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বিএমইটির ডাটাবেজে নিবন্ধিত কর্মীরা কোভিড-১৯ ভ্যাকসিন প্রাপ্তির লক্ষ্যে Surokkha Apps বা www.surokkha.gov.bd এর মাধ্যমে জরুরিভাবে টিকা গ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। surokkha App এ রেজিস্ট্রেশন সফল হলে মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে টিকা সেন্টার ও টিকার তারিখ জানা যাবে।
কোভিড-১৯ টিকা প্রদান ও সনদায়ন কার্যক্রম সম্পূর্ণ ডিজিটালাইজড। সে কারণে surokkha App বা www.surokkha.gov.bd এ নিবন্ধিত হয়ে টিকা কেন্দ্র ও তারিখ সংক্রান্ত মেসেজ না পাওয়া পর্যন্ত বিদেশগামী কর্মীদের কোনো হাসপাতাল, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বিএমইটি বা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে স্বাস্থ্যবিধি ভঙ্গ করে জমায়েত হয়ে টিকা গ্রহণের সুযোগ নেই। বিষয়টি অনুধাবনের জন্য বিএমইটি থেকে বিদেশগামী কর্মীদের অনুরোধ করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



