সিলেট থেকে শুরু হয়েছিল করোনায় মৃত্যুর মিছিল। সেই মিছিলে যোগ হয়েছে অনেকের নাম। বছোধিককাল আগে সিলেটে ভয়ঙ্কর থাবা বসিয়েছিল করোনা। বছর ঘুরে ফের সেই পুরোনো ভয়ঙ্কর থাবা।
জুনের (৩০ জুন) বিদায়ী দিন সকাল ৮টা থেকে ১ জুলাই সকাল ৮টা পর্যন্ত ৭ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনা। মারা যাওয়াদের ৭ জনই সিলেট জেলার বাসিন্দা। আর এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ১৯৯ জন।
বৃহস্পতিবার (১ জুলাই জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
অধিদপ্তরের তথ্যমতে, গত বছরের এপ্রিল থেকে পহেলা জুলাই পর্যন্ত বিভাগে ৪৭৮ জনের মৃত্যু হয়েছে। তন্মধ্যে সিলেট জেলারই ৩৯১ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনা। মৃত্যুর মিছিলে আছেন সুনামগঞ্জে ৩৩ জন, হবিগঞ্জে ১৯ জন ও মৌলভীবাজারের ৩৫ জন।
এছাড়া নতুন করে আক্রান্ত ১৯৯ জনের ১১২ জনই সিলেট জেলার, ৮ জন সুনামগঞ্জের হবিগঞ্জে ১২ জন, মৌলভীবাজারে ২৯ জন ও সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৩৫ জনের করোনা সনাক্ত হয়।
গত বছরের মার্চ মাস থেকে বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৯৮১ জনে। এরমধ্যে সিলেট জেলাতেই ১৭ হাজার ১৯৪ জন, সুনামগঞ্জে ৩ হাজার ৬ জন, হবিগঞ্জে ২ হাজার ৭৫৬ জন ও মৌলভীবাজারে ৩ হাজার ২৫ জন করোনা আক্রান্ত হন।
পক্ষান্তরে এ যাবত সুস্থ হয়েছেন ২৩ হাজার ৬৭২ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৬ হাজার ৭০ জন, সুনামগঞ্জে ২ হাজার ৮২৮ জন, হবিগঞ্জে ২ হাজার ১১০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৬৬৪ জন।
বৃহস্পতিবার পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩৬৮ জন রোগি চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে সিলেট জেলায় ৩৪২ জন, সুনামগঞ্জে ৭ জন, হবিগঞ্জে ২ জন, মৌলভীবাজারে ১৮ জন হাসপাতালে চিকিৎসাধীন।
সিলেটে করোনার বিশেষায়িত শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মিজানুর রহমান বলেন, করোনায় হাসপাতালে ৬ জনের মৃত্যু হয়েছে। অন্য একজন বেসরকারি হাসপাতালে মারা গেছেন।
তিনি বলেন, এ যাবত হাসপাতালে ৮৭ জন চিকিৎসাধীন রয়েছেন। তন্মধ্যে ৪২ জনের করোনা পজিটিভ। বাকিরা উপস্বর্গ নিয়ে ভর্তি হয়েছে। এছাড়া গুরুতর অবস্থায় ১৫ জনকে আইসিইউতে রাখা হয়েছে।
করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়ে যাওয়ায় মানুষকে স্বাস্থ্য বিধি মেনে লকডাউনে সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন এই চিকিৎসক।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



