সুনামগঞ্জে জগন্নাথপুর উপজেলায় কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে এক নারী ও তার দুই সন্তান নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ভোরে উপজেলার পাতলি ইউনিয়নের সুলেমানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-হারুন মিয়ার স্ত্রী মৌসুমা বেগম (৩৫) ও তার চার বছরের মেয়ে মাহিমা আক্তার এবং এক বছরের ছেলে হোসাইন মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জগন্নাথপুরে ২ নম্বর পাটলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সোলেমানপুরের লন্ডনপ্রবাসী বুলু মিয়ার বাড়িতে কেয়ার টেকার ছিলেন হারুন মিয়া। তিনি টিনশেড ঘরে বাস করতেন। আজ ভোরে কালবৈশাখী শুরু হলে একটি গাবগাছ ও আমগাছ উপড়ে তার ঘরের ওপর পড়ে। এ সময় ঘরের ভেতর থাকা স্ত্রী মৌসুমা বেগম (৩৫), মেয়ে মাহিমা আক্তার (৪) ও ছেলে মো. হোসাইন (১) গুরুতর আহত হয়।
পরে তাদের উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ৩ জনকে মৃত ঘোষণা করেন।
নিহত নারীর স্বামী মো. হারুন মিয়ার চাচাতো শফিকুল ইসলাম জানান, ঘটনার সময় তার চাচাতো ভাই মসজিদে নামাজ পড়তে যান। পরে কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড় শেষে এসে তিনি এ ঘটনা দেখতে পান।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



