সিলেটের বিয়ানীবাজারে দুই ভাইয়ের মারামারির ঘটনায় ইটের আঘাতে সুফিয়া বেগম (৫২) নামে এক নারী নিহত হয়েছেন।
গত শুক্রবার (৮এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার দুবাগ ইউনিয়নের দক্ষিণ দুবাগ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুফিয়া বেগম ওই গ্রামের সুরুজ আলীর স্ত্রী। এ ঘটনায় নিহতের ছেলে মো. বাবর আহমদ বাদি হয়ে দুই জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরো ২/৩ জনকে আসামি করে সোমবার বিয়ানীবাজার থানায় মামলা (নং-০৭(৪)’২২) দায়ের করেছেন।
পুলিশ এ ঘটনায় মাসুক আহমদ (৪৫) ও তার সহোদর নাজিম উদ্দিনকে (৩৮) গ্রেফতার করে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। গ্রেফতারকৃতরা দক্ষিণ দুবাগ গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, দুই সহোদরের মারামারিকালে উভয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন। এমন সময় একটি ইট সুফিয়া বেগমের তলপেটে পড়ে। তাকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা গেছে, নিহতের ভাইয়ের মেয়ের জামাতা গ্রেফতারকৃত মাসুক আহমদ ও তার ভাই নাজিম উদ্দিন জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ঘটনার দিন সকালে মারামারিতে লিপ্ত হন। তারা একে অপরের দিকে ইটপাটকেল ছুড়তে থাকেন। তাদের স্বর-চিৎকার শুনে বাড়ির সামনে বেরিয়ে আসেন সুফিয়া বেগম। এক পর্যায়ে তাদের নিক্ষিপ্ত একটি ইট সুফিয়া বেগমের তলপেটে পড়লে তিনি মাটিতে লুটে পড়েন। স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রোববার বেলা পৌনে ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্থানীয় সূত্র জানায়, ঘটনার পর বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয় দুবাগ ইউনিয়নের চেয়ারম্যান চেয়ারম্যান জালাল আহমদ ও ইউপি সদস্য হান্নান গংরা মিলে ৫০ হাজার টাকায় নারীর মৃত্যুর বিষয়টি চাপা দেওয়ার চেষ্টা করেন। তবে ঘটনাটি জানতে পেরে হস্তক্ষেপ করে থানা পুলিশ। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং দুই সহোদরের মারামারিকালে ইটের আঘাতে নারীর মৃত্যুর সত্যতা পায়।
এদিকে, গ্রেফতারকৃত দুই সহোদরকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন মামলার তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) নিয়াজ মোর্শেদ আবীর। তাদের মধ্যে কার নিক্ষিপ্ত ইটের আঘাতে নারীর মৃত্যু হয়েছে, বিষয়টি জানতে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-০৪ আমলী আদালতে আসামিদের রিমাণ্ডের আবেদন করেছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



