রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে সাত জনে দাঁড়িয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বার্ন ইনস্টিটিউট মিলে ৪৮ জন আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।
রোববার (২৭ জুন) রাতে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক পার্থ শঙ্কর পাল বাংলানিউজকে বলেন, আমরা ১০ জন রোগী পেয়েছি। একজন আগেই মারা গেছেন। নয়জনের গুরুতর আঘাত রয়েছে। দগ্ধ হয়েছেন দুজন।
ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া বলেন, মগবাজারের ওয়ারলেস গেট এলাকায় বিস্ফোরণের ঘটনায় ঢাকা মেডিক্যাল হাসপাতালের জরুরি বিভাগসহ শেখ হাসিনা বার্নে এখন পর্যন্ত ৪৮ জন চিকিৎসাধীন।
শেখ হাসিনা বার্নে আহত রায়হানুল গাফফার নয়ন জানান, ঘটনার সময় তিনি যাত্রীবাহী বাসে ছিলেন। হঠাৎ বিকট বিস্ফোরণের বাসের কাচ ভেঙে তিনি আহত হন।
আহত এক পথচারী জামাল জানান, তিনি মতিঝিলে একটি হোটেলে চাকরি করেন। সেখান থেকে মগবাজার বাসায় ফেরার পথে মগবাজার ওয়ারলেস মোড়ে গায়ের উপর গ্লাস পড়ে তিনি আহত হন।
রোববার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মগবাজার ওয়্যারলেস এলাকার আড়ংয়ের শোরুমের ভবনের সামনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, আমরা একটি এসি বিস্ফোরণ হওয়ার সংবাদ পেয়েছি। কেউ কেউ আবার কল করে বলেছেন গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি অ্যাম্বুলেন্সসহ নয়টি ইউনিট পাঠানো হয়েছে। হতাহতের বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি।
এ বিষয়ে রমনা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের বলেন, সেখানে ট্রান্সমিটার বিস্ফোরণ হয়েছে বলে শুনেছি। এখনো নিশ্চিত হতে পারছি না। পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



