পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, ‘হাওরের বাঁধের কাজে অনিয়মের ক্ষেত্রে কোনো ছাড় নেই। এর তদন্ত করবে মন্ত্রণালয়। এরই মধ্যে পানি উন্নয়ন বোর্ডের প্রথম শ্রেণির ২২ ঠিকাদার কালো তালিকায় আছেন।সুনামগঞ্জের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না।’
বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার চন্দ্রসোনার থাল হাওরের ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন শেষে উপমন্ত্রী এসব কথা বলেন।
উপমন্ত্রী বলেন, ‘সুনামগঞ্জে হাওরের ঘটনায় রোববার মন্ত্রণালয়ে গিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে দেব। সে তদন্ত কমিটি সুনামগঞ্জে এসে সুষ্ঠু তদন্ত করবে। সে তদন্তে যদি হাওরের বাঁধের কাজে কোনো সরকারি কর্মকর্তা কিংবা পিআইসির কেউ জড়িত থাকে, তাহলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। একইভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরী করা হচ্ছে। জেলা প্রশাসনের মাধ্যমে তাদের ত্রাণের ব্যবস্থা করা হবে।’
শামীম আরও বলেন, ‘পরবর্তী সময়ে সুনামগঞ্জে নদী ও খাল খনন করে স্থায়ী বাঁধের কাজ করা হবে। আর বাঁধ স্থায়ী হলে আগাম বন্যা থেকে সুনামগঞ্জের হাওরের ফসল বাঁচবে।’
মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওরের মানুষদের জন্য খুব আন্তরিক। ২০১৭ সালের পর এবার কয়েকটি হাওরে ফসল রক্ষা বাঁধ ভেঙে বোরো ফসল তলিয়ে গেছে। প্রতি বছর সরকার হাওরের জন্য কোটি টাকা ব্যয় করছেন।আমরা হাওরে জন্য স্থায়ী প্রকল্প গ্রহণ করেছি। স্থায়ী প্রকল্প বাস্তবায়ন হলে হাওরের মানুষজন হাসি মুখে বোরো ফসল গোলায় তুলতে পারবে।আমরা সে চেষ্টায় আছি।’
উপমন্ত্রী জানান, সুনামগঞ্জে এ বছর ৫৩০ কিলোমিটার বাঁধের কাজ করা হয়েছে। এর মধ্যে দেড়শ মিটার বাঁধের ক্ষতি হয়েছে।

এ সময় সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীমা শাহরিয়ার, জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক বজলুর রশিদ, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রধান প্রকোশলী এসএম শহিদুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী, নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম, ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন রুকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির হাসান, জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস প্রমুখ উপস্থিত ছিলেন।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



