হবিগঞ্জের চুনারুঘাটে পাঁচ পুলিশকে পিটিয়ে হাতকড়াসহ মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিয়েছে সঙ্গীয় দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৩১ মার্চ) দিনগত রাত ৯টার দিকে উপজেলার দেউন্দি চা বাগান এলাকা এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাদের মধ্যে জুয়েল মিয়া নামে এক কনস্টেবলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, চুনারুঘাট থানার উপ পরিদর্শক (এসআই) তরিকুল ইসলামসহ ৫ পুলিশ সদস্য দেউন্দি চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ১৫ লিটার বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেন।
তাকে নিয়ে আসার সময় একদল মাদক ব্যবসায়ী পুলিশকে আক্রমন করে। মাদক ব্যবসায়িরা পুলিশ সদস্যদের মারপিট করে হাতকড়া পরিহিত অবস্থায় আটক মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেয়।
দুর্বৃত্তদের হামলায় উপপরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম ও কনস্টেবল জুয়েল মিয়া গুরুত্বর আহত হয়েছেন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। তন্মধ্যে কনস্টেবল জুয়েলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
খবর পেয়ে হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলী অধীনস্থ কর্মকর্তাদের নিয়ে হাসপাতালে আহতদের দেখতে যান।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ বলেন, এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে। হামলাকারী অন্যদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



