সিলেটে আন্ত:জেলা ডাকাত দলের তিন সদস্যসহ চার জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে লুন্ঠিত মালামাল ও ডাকাতিতে ব্যবহৃত ৩টি দেশিয় অস্ত্র।
শুক্রবার (১৮ জুন) গভীর রাতে সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জের বিভিন্ন অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার (১৯ জুন) গ্রেফতারকৃতদের নিয়ে সংবাদ সম্মেলন করেন সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন।
তিনি বলেন, সিলেটের জকিগঞ্জ থানাধীন ০৬ নং সুলতানপুর ইউনিয়নের অর্ন্তগত ছয়ঘরী গ্রামের জনৈক মনোয়ারা বেগমের বাড়িতে গত ৪ জুন রাত অনুমান দেড়টার দিকে ৮/৯ জনের ডাকাতদল বাড়িতে হানা দেয়। তারা নগদ অর্থ, স্বার্নালঙ্কার ও মোবাইল ফোনসেটসহ প্রায় ৮ লাখ ৫৬ হাজার টাকার মালামাল লুট করে।
এ ঘটনায় পরদিন গত ৫ জুন মনোয়ারা বেগম জকিগঞ্জ থানায় মামলা (নং-২(৬)’২১ দায়ের করেন। ডাকাত দলের সদস্যরা সিলেটের বিয়ানীবাজার-জকিগঞ্জ-কানাইঘাট সীমান্তে আত্মগোপন করার বিষয়টি তথ্যপ্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হয়ে সাঁড়াশি অভিযানে নামে পুলিশের একাধিক টিম।
গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইনের নেতৃত্বে ১৮ জুন গভীর রাতে জকিগঞ্জ থানার বিভিন্ন সীমান্তবর্তী এলাকাতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে। তারা হলেন- জকিগঞ্জ উত্তর বারোঠাকুরী গ্রামের আব্দুর রহিমের ছেলে হাছান আহমদ ওরফে হাছন (২৯), উপজেলার বালাউট গ্রামের শিব্বির আহমদের ছেলে জুনেদ আহমদ (২২) এবং স্থানীয় কাশিরচকের জামাল আহমদের ছেলে রমজান আলী ওরফে রমজান(২৫)।
গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যমতে, ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামাল ক্রয়কারি স্বর্ণ ব্যবসায়ী সিলেটের দক্ষিণ সুরমার গোটাটিকর এলাকার মৃত নিপেন্দ্র কর্মকারের ছেলে দিলীপ কর্মকারকে(৫০) গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজতে থাকা লুন্ঠিত স্বর্ণের আড়াই ভরি ও মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



