সিলেটে দক্ষিণ সুরমার আহমদপুর থেকে যমজ দুই সহোদর ও বাড়ির কাজের মহিলার ছেলে নিখোঁজ রয়েছে। নিখোঁজ হওয়া শিশুরা আহমদপুর গ্রামের মৃত সামছুল ইসলামের যমজ সন্তান হাসান (১৩) ও হোসেন(১৩)। তাদের সঙ্গে নিখোঁজ বাসার কাজের মহিলা সালমা বেগম ও জালালাবাদ থানাধীন জাঙ্গাইল এলাকার রিপন মিয়ার ছেলে অপু (১০)।
বৃহস্পতিবার (১৭ জুন) সকালে থেকে শিশু তিনটিকে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় নিখোঁজ শিশুদের চাচাতো ভাই সালেহ উদ্দিন দক্ষিণ সুরমা থানায় সাধারণ ডায়রি (জিডি নম্বর-৮১১) করেন।
বাড়ির লোকজন জানান, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শিশু তিনটির খোঁজ পাচ্ছেন না তারা। যমজ ভাইদ্বয়ের গায়ের রং ফর্সা। উচ্চতা আনুমানিক ৫ ফুট, মুখমণ্ডল লম্বাটে ও হালকা-পাতলা গড়নের। অপুর গায়ের রং শ্যামলা, উচ্চতা আনুমানিক ৪ ফুট ২ ইঞ্চি, মুখমণ্ডল গোলাকার।
জমজ দুই সহোদর ও অপুর সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানায় যোগাযোগ করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
নিখোঁজ হাসান ও হোসেন সিলেটের কুদরত উল্লাহ মাদ্রাসায় হাফিজ বিভাগে এবং অপু দক্ষিণ সুরমার আহমদপুর এলাকার স্থানীয় একটি মাদরাসায় হাফিজ বিভাগে অধ্যায়নরত বলে জানিয়েছেন শিশুদের চাচাতো ভাই সালাহ উদ্দিন আহমদ।
তিনি বলেন, বৃহস্পতিবার সকালে কাউকে কিছু না বলে তারা বাসা থেকে বেরিয়ে আর ফিরে আসেনি। করোনাকালে মাদরাসা বন্ধ থাকায় তারা বাসায় থেকে পড়াশুনা করে যাচ্ছে।
সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, নিখোঁজ শিশুরা কাউকে না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। বৃহস্পতিবার সকালে গ্রামের একজন তাদের যেতে দেখেছেন। তিনি জিজ্ঞেসও করেছিলেন ‘কোথায় যাচ্ছো’? তারা কোনো কিছু বলেনি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



