হবিগঞ্জের মাধবপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও দুই সিপাহিকে পিটিয়ে হাতকড়াসহ আটক আসামীকে ছিনিয়ে নিয়েছে মাদক কারবারিরা।
মঙ্গলবার সন্ধ্যার দিকে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ আহত তিনজনকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে।উদ্ধার করা হয়েছে হ্যান্ডকাফ।
আহতরা হলেন হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিদর্শক রতন চন্দ্র গোস্বামী এবং দুই সিপাহি তাপস চন্দ্র বৈদ্য ও সাদ্দাম হোসেন।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় তেলিয়াপাড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি তোফানকে আটক করা হয়। তাকে নিয়ে ফেরার সময় মাদক কারবারিরা হামলা চালিয়ে অধিদপ্তরের কর্মকর্তা ও সিপাহিদের পিটিয়ে তোফানকে ছিনিয়ে নিয়ে যায়।
খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাড়িঁর ইনচার্জ ইন্সপেক্টর মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। রাত ৮টার দিকে তেলিয়াপাড়া চা বাগান থেকে হ্যান্ডকাফটি উদ্ধার করা হয়।
হবিগঞ্জ মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারি পরিচালক এটিএম দিদারুল আলম জানান, মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এমদাদুল্লাহর নেতৃত্বে তেলিয়াপাড়া চা বাগানে মাদক উদ্ধারের জন্য অভিযানে যায়। এসময় ক্রেতা সেজে চা বাগান নাচ ঘরের সামনে ১০০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়িকে আটক করে হ্যান্ডকাফ লাগানো মাত্র ২০/৩০ জনের সংঘবদ্ধ মাদকব্যবসায়ি অতর্কিত হামলা চালিয়ে হ্যান্ডকাফ লাগানো আসামি তোফান ও উদ্ধার হওয়া ফেনসিডিল ছিনিয়ে পালিয়ে যায়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘এ ঘটনায় চার মাদক কারবারির নামে ও অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এমদাদুল্লাহ মাধবপুর থানায় মামলা করেছেন। তবে এখনই আসামিদের নাম প্রকাশ করতে চাচ্ছি না। তাদের গ্রেফতারে আমাদের অভিযান চলছে।’
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



